দেশে ফিরেই নতুন চাকরি পেলেন অ্যালান ডোনাল্ড
গত কয়েক বছরে বাংলাদেশের পেসাররা দারুণ উন্নতি করেছেন। যেখানে বিশেষ অবদান রেখেছিলেন প্রোটিয়া বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তবে অনেকটা অভিমান নিয়েই বাংলাদেশের চাকরিটা ছেড়ে গেছেন ডোনাল্ড। বিশ্বকাপের পর চুক্তি নবায়ন করতে চাননি ডোনাল্ড, আগ্রহী ছিল না বিসিবিও।
তবে যোগ্য ব্যক্তিদের কি আর চাকরির অভাব হয়? দেশে ফেরার দিন দশেকের ভেতরই নতুন চাকরি খুঁজে পেয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটের দল লায়ন্সের বোলিং কোচ হয়েছেন ডোনাল্ড। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে তার দল লায়ন্স।
এখানে পুরোনো সঙ্গীদেরও পাচ্ছেন ডোনাল্ড। বাংলাদেশের সাবেক হেড কোচ আরেক প্রোটিয়া রাসেল ডমিঙ্গো লায়ন্সের হেড কোচ হয়েছেন। এছাড়া ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে হাশিম আমলাকে। এতদিন এই দায়িত্বে থাকা জেপি ডুমিনি যোগ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের কোচিং স্টাফে।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মার্চের দিকে বাংলাদেশের পেসারদের দায়িত্ব নেন ডোনাল্ড। এরপর এক বছরে তাদের উন্নতিও ছিল চোখে পড়ার মতো। যদিও বিশ্বকাপে পুরো দলের মতো পেসাররাও খুব ভালো কিছু করতে পারেননি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি