গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব পেলেন শুভমান গিল

গুজরাট টাইটান্স থেকে পুরোনো ঘর মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। এতে অধিনায়কত্বে শূন্যতা তৈরি হয়েছিলো বর্তমান রানার্স আপদের। তবে একদিন পরই নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে দলটি। গত দুইবারের ফাইনালিস্টদের নেতৃত্ব দিবেন ভারতীয় তরুণ ওপেনার শুভমান গিল।

গুজরাটের ডিরেক্টর অব ক্রিকেট বিক্রম সোলাঙ্কি বলেছেন, শুভমান গিল গত দুই বছরে শীর্ষ পর্যায়ের খেলায় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। আমরা তাকে শুধু ব্যাটার হিসেবেই নয়, নেতা হিসেবেও পরিণত দেখেছি। মাঠে তার অবদান গুজরাট টাইটানসকে অদম্য শক্তি হিসেবে সবার সামনে তুলে ধরেছে এবং ২০২২ সালে সফল অভিযান ও ২০২৩ সালের স্মরণীয় পথচলায় দারুণ ভূমিকা রেখেছেন। শুভমানের মতো তরুণ নেতার সঙ্গে নতুন পথচলা শুরুর আগে আমরা সত্যিই রোমাঞ্চিত।

অন্যদিকে অধিনায়কত্ব পেয়ে গিল বলেন, গুজরাট টাইটান্সের অধিনায়কত্ব পাওয়ায় আমি আনন্দিত ও গর্বিত। দারুণ একটি দলকে নেতৃত্ব দেওয়ায় আমার ওপর আস্থা রাখায় ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ দিতে চাই। দুটি অসাধারণ মৌসুম ছিল আমাদের এবং আমি আমাদের রোমাঞ্চকর ক্রিকেট ব্র্যান্ডের সঙ্গে নেতৃত্ব দিয়ে অধীর অপেক্ষায় আছি।

গুজরাটের সঙ্গে শুরু থেকে আছেন গিল। ২০১৮ সালে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে আইপিএলে পথচলা শুরু তার। ২০২২ সালে তাকে ছেড়ে দেয় দলটি। জায়গা পান গুজরাটে। প্রথম আসরে ১৬ ম্যাচ খেলে ৪৮৩ রান করেন গিল। চ্যাম্পিয়ন হয় তার দল। তবে সবশেষ টুর্নামেন্টে অবিশ্বাস্য ছিলেন এই ওপেনার। ১৭ ইনিংসে তিন সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে প্রায় ৬০ গড়ে ৮৯০ রান করেন, জেতেন শীর্ষ ব্যাটারের স্বীকৃতি অরেঞ্জ ক্যাপ।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads