তাইজুলের ১০ উইকেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ
দুই ম্যাচের সিরিজে প্রথমটিতেই জয় পেলে টাইগাররা। ১৫০ রানে হারিয়ে সিরিজে এগিয়ে থাকলো বাংলাদেশ। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে এ নিয়ে ৭ম টেস্ট খেলল বাংলাদেশ।
৩ হার ও ৩ ড্রয়ের পর ঘরের মাঠে কিউইদের বিপক্ষে এই প্রথম টেস্ট জিতল বাংলাদেশ। আর তাতে দারুণ অবদান বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের। নিউজিল্যান্ডের দুই ইনিংস মিলিয়ে মোট ১০ উইকেট নিলেন তিনি।
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের পর বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টেস্টে দ্বিতীয়বারের মতো এক ম্যাচে ১০ উইকেট নিলেন তাইজুল। ২০১৮ সালে টেস্টে প্রথমবারের মতো তাইজুল ১০ উইকেট নিয়েছিলেন এই সিলেটেই!
প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও স্পিনাররা তুলে নিয়েছে ৯টি উইকেট। এতে করে সফরকারি নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষেই সিলেটে জয়ের সুবাস পেয়েছিল টাইগাররা। বাকি ছিল শুধু অপেক্ষার। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকারের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। স
মঙ্গলবার (২৮ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। টস জিতে প্রথম ইনিংসে বাংলাদেশ মাহমুদুল হাসান জয়ের ৮৬ রানে ভর করে ৩১০ রান সংগ্রহ করে। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে কেন উইলিয়ামসনের ১০৪ রানে ভর করে ৩১৭ রান করতে সক্ষম হয়।