রেফারিকে ঘুষি মারা ক্লাব সভাপতি ফারুক কোজা গ্রেপ্তার
ফুটবল মাঠে মারামারি ঘটনা নতুন মাত্রা পেলো। বিশ্বের ফুটবল প্রেমীরা জানে, খেলার সময়ে মারামারি নতুন ঘটনা নয়। তবে গত সোমবার রাতে তুরস্কের সুপার লিগে মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছেন আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি। আঙ্কারায় আঙ্কারাগুজু ও রিজেসপোরের ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ঘটে এই অনাকাক্সিক্ষত ঘটনা।
এরপরই তুরস্ক ফুটবল ফেডারেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে নিজেদের শীর্ষ ফুটবল লিগ। পরে অভিযুক্ত ক্লাব সভাপতি ফারুক কোজাকে গ্রেপ্তারও করা হয়েছে। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তুরস্কের বিচার মন্ত্রী ইলমাজ টুঙ্ক। তিনি বলেছেন, দায়িত্বে নিয়োজিত একজনকে আহত করার দায়ে কোজা ও সন্দেহভাজন আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা বয়ান নেওয়ার পর তাদের গ্রেপ্তার করেছেন। এ ঘটনার তদন্ত নিবিড়ভাবে চলছে।
আঙ্কারাগুজু ক্লাবের প্রধান ফারুক কোজা রেফারি হালিল উমুত মেলেরের মুখে ঘুষি মারেন। সঙ্গে সঙ্গেই মাটিতে পড়ে যান রেফারি। পরে কালশিটে পড়া ফোলা বাঁ চোখ নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় রেফারিকে। ৩৭ বছর বয়সী রেফারিকে পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে দেখতে যান তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রী ওসমান আসকিন বাক।
ফিফা ও উয়েফার তালিকাভুক্ত তুরস্কের অন্যতম নামী এই রেফারি মারধরের শিকার হওয়ার পর তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) লিগ স্থগিতের খবর জানিয়ে বিবৃতি দেয়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি