আর্জেন্টিনাতেই থাকছেন কোচ স্কালোনি
কাতার বিশকাপে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়েছে আর্জেন্টিনা। যে দলটাকে নিজের মতো করে সাজিয়েছিলেন কোচ স্কালোনি। তবে ব্রাজিলের বিপক্ষে মারকানায় ম্যাচ শেষে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দেন তিনি। এতে আলোচনার ঝড় ওঠে ফুটবল বিশ্বে।
আর্জেন্টাইন গণমাধ্যম দাবি করে ফুটবল ফেডারেশন সভাপতি ক্লদিও তাপিয়ার সঙ্গে মতবিরোধের জেরেই নাকি নিজের পদ ছাড়তে চান কোচ স্কালোনি। আবার ব্রিটিশ গণমাধ্যম দ্য অ্যাথলেটিক সামনে এনেছিল মেসির সঙ্গে তার দ্বন্দ্বের খবর। অন্যদিকে, কোচ স্কালোনিসহ বাকি কোচিং প্যানেলের প্রত্যেকেই বিশ্বকাপের বোনাস বুঝে পাননি এমন কথাও প্রকাশ্যে এসেছে।
তবে স্কালোনি কোচ থাকবেন না এমনটা প্রায় নিশ্চিতই হয়ে পড়েছিল। এরপর থেকে তার সঙ্গে বারবার আলাপ করেছেন দলের খেলোয়াড়রা। কোচকে অনুরোধও জানানো হয়েছিল পদ না ছাড়ার জন্য। স্কালোনিও জানিয়েছিলেন, খেলোয়াড়দের সঙ্গে আলাপ করেই নিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি।
শেষ পর্যন্ত অবশ্য নিজের মত কিছুটা বদলেছেন কোচ স্কালোনি। নিজেই জানিয়েছেন তার লম্বা সময় কোচ থাকার বার্তা। সম্প্রতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে অ্যাথলেটিকো মাদ্রিদ এবং লাৎজিও ম্যাচে হাজির ছিলেন বিশ্বকাপজয়ী কোচ। এরপরই নিজের সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন তিনি।
ম্যাচশেষে এই কোচ বলেন, আমার এবং কোচিং স্টাফের লক্ষ্য আমরা যা অর্জন করেছি, লম্বা সময় ধরে তার প্রমাণ করে যাওয়া। মেট্রোপলিটানো স্টেডিয়ামে বসে এই কোচ আরও উল্লেখ করেছিলেন, মূল বিষয়টা হচ্ছে, এটা পরখ করে দেখা আমরা যা অর্জন করেছি, সেটার জন্য সত্যিই আমরা যোগ্য কিনা। এখনও আমরা সেখানেই আছি। তাই প্রথম দিনের পর থেকে আজ পর্যন্ত কিছুই পরিবর্তন হয়নি।
নিজের এমন অবস্থান নিয়ে শিষ্যদের সঙ্গেও কথা বলতে চান এই কোচ, আমি এ কারণেই মাদ্রিদে এসেছি। রদ্রিগো ডি পল এবং নাহুয়েল মলিনার সঙ্গে এসব নিয়ে কথা বলব (দুজনেই অ্যাথলেটিকো মাদ্রিদের খেলোয়াড়)। এছাড়া বড়দিনের ছুটির আগেই মায়ামিতে দলের অধিনায়ক লিওনেল মেসির সঙ্গেও কথা বলতে চান কোচ স্কালোনি। এরপরেই দুজন মিলে যাত্রা করবেন আর্জেন্টিনার রোজারিও শহরে।
এদিকে আর্জেন্টিনার গণমাধ্যম লা ক্যাপিটাল মার দেল প্লাটা জানিয়েছে, অ্যাথলেটিকো ম্যাচের আগেই নিজেদের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ জয়ের বোনাসটাও বুঝে পেয়েছেন স্কালোনি এবং কোচিং স্টাফদের বাকি সদস্যরা। মূলত এরপরেই নিজের পদে থাকার এমন বার্তা দিলেন এই আর্জেন্টাইন কোচ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি