এশিয়া কাপের সেমিফাইনালে শুক্রবার বাংলাদেশ ভারত ও মুখোমুখি
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশের যুবারা। তারা গ্রুপ পর্বের তিন ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তারা। এতে টুর্নামেন্টের সেমিফাইনালও নিশ্চিত হয় টাইগার যুবাদের। শুক্রবার ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দুবাইয়ের আইসিসি একাডেমি ওভাল ২-তে হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায়।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬১ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ২৩২ বল হাতে রেখে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছিল যুবা টাইগাররা। সর্বশেষ গত বুধবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে অপরাজিত থেকেই সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।
দুবাইয়ে চলমান বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে গ্রুপ এ’ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ভারত। অন্যদিকে, বি’ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এছাড়া এই গ্রুপটি থেকে আরেক সেমিফাইনালিস্ট সংযুক্ত আরব আমিরাত।
এর আগে ২০২১ সালেও দুই দল সেমিতে মুখোমুখি হয়েছিল। এছাড়া একই দিনে এ’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান লড়বে ‘বি’ গ্রুপ রানার্স-আপ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। গ্রুপপর্বে বাংলাদেশ অপরাজিত থাকলেও এক ম্যাচ হেরেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ম্যাচটিতে হেরে যায় টিম ইন্ডিয়ার যুবারা।