আইপিএলের পাশাপাশি ভারতে চালু হচ্ছে টি-টেন ক্রিকেট

আইপিএলের ভরপুর সাফল্যের পর এবার আরও একটি নতুন টুর্নামেন্টের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ২০২৪ সাল থেকে শুরু হতে পারে নতুন এই টুর্নামেন্ট। বিশ্বকাপের পর্দা নামতেই এই টুর্নামেন্টের পরিকল্পনায় ব্যস্ত বিসিসিআইয়ের কর্তারা।

তবে এবার আর টি-টোয়েন্টি নয়, রজার বিন্নি-জয় শাহদের চোখ ১০ ওভারের ক্রিকেটের দিকে। আগামী বছর থেকে শুরু হতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন টি-টেন প্রতিযোগিতা। সূত্রের খবর, সেপ্টেম্বর-অক্টোবর মাসে হতে পারে বোর্ডের নতুন টি-টেন প্রতিযোগিতা। 

যদিও নতুন এই টুর্নামেন্টটি শুরু করা নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। বিষয়টি রয়েছে পরিকল্পনার স্তরে। টি-টেন প্রতিযোগিতা নিয়ে আগ্রহ মূলত বোর্ড সচিব জয়ে শাহার। তিনি নিজেই নতুন টুর্নামেন্টটির নকশা তৈরি করছেন বলে জানা যায়। আইপিএলের বিপুল অর্থনৈতিক সাফল্য তাকে নতুন প্রতিযোগিতা নিয়ে আগ্রহী করে তুলেছে।

অবশ্য, বিসিসিআই কর্তারা চাইলেই নতুন টি-টেন টুর্নামেন্ট শুরু করতে পারবেন না। এর জন্য আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মতি প্রয়োজন। নিয়ম অনুযায়ী, বিসিসিআই আইপিএলের সমগোত্রীয় কোনো প্রতিযোগিতা শুরু করতে চাইলে, তাতে ফ্যাঞ্চাইজিগুলো আপত্তি বা প্রত্যাখ্যান করতে পারে। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর স্বার্থ সুরক্ষিত রাখতেই রয়েছে এই নিয়ম। তাই ১০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু করতে চাইলে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মতি প্রয়োজন।

প্রতিবেদনে বলা হয়, নতুন পরিকল্পনা নিয়ে ইতোমধ্যেই আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছেন জয়। মনে করা হচ্ছে, সম্মতি পেতে অসুবিধা হবে না। নতুন প্রতিযোগিতায় দল কেনার ক্ষেত্রে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোকেই প্রথম সুযোগ দেয়া হতে পারে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads