কিংবদন্তি শেন ওয়ার্ন ও ম্যাকগ্রাদের মাইলফলক স্পর্শ করলেন লায়ন
বর্তমান সময়ের সেরা স্পিনারদের মধ্যে অন্যতম ন্যাথান লায়ন। স্পিন উইকেটে সবাই দাপট দেখালোও, তবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মতো পেস নির্ভর কন্ডিশনেও স্পিন জাদু দেখিয়ে আসছেন এই অজি তারকা। ফলে টেস্ট ক্যারিয়ারের ৫০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন লায়ন।
গতকাল ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে পাঁচ উইকেট শিকার করে এই কীতি গড়েন তিনি। গত জুলাইয়ে অ্যাশেজ শেষে তার নামের পাশে ছিল ৪৯৬টি টেস্ট ক্রিকেট। প্রায় সাড়ে পাঁচ মাস পর জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেটে নেমেই মাইলফলকটি ছুঁয়ে ফেললেন লায়ন। বিশে^র অষ্টম এবং অস্ট্রেলিয়ার তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে আব্দুল্লাহ শফিক, ইমাম-উল-হাক ও আমের জামালকে ফিরিয়ে লক্ষ্যের হাতছোঁয়া দূরত্বে পৌঁছে যান ৩৬ বছর বয়সী বোলার। আর দ্বিতীয় ইনিংসে তিনি নিলেন আরও দুটি। অবশ্য চতুর্থ দিনে ৪৫০ রানের বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই লড়াই থেকে ছিটকে পড়া পাকিস্তান যেভাবে উইকেট হারাচ্ছিল, তাতে একটা সময় এই ম্যাচে লায়নের পাঁচশ হবে কিনা, প্রশ্ন জাগে।
অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য ইনিংসে দ্বাদশ ওভারেই তার হাতে বল তুলে দেন। কিন্তু কাঙ্ক্ষিত উইকেটটি আর ধরা দিচ্ছিল না তার। অবশেষে ইনিংসের ২৮তম ও নিজের সপ্তম ওভারে ফাহিমকে ফিরিয়ে জাদুকরী ঠিকানায় পৌঁছে যান তিনি। তিন বল পর আমের জামালকেও বোল্ড করে ফেরানো লায়নের এখন মোট টেস্ট উইকেট ৫০১টি।
২০১১ সালে প্রথম বলেই উইকেট নিয়ে টেস্ট ক্যারিয়ার শুরু করা লায়ন পাঁচশর ঠিকানায় পৌঁছালেন ২৩০ ইনিংসে। প্রায় এক যুগের ক্যারিয়ারে ২৩ বার ইনিংসে ৫ উইকেটের সঙ্গে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৪ বার। পাঁচশর ঘরে দেশের সাবেক দুই তারকা শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রার পাশে বসলেন লায়ন। ওয়ার্নের উইকেট ৭০৮টি আর ম্যাকগ্রার ৫৬৩টি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি