ম্যানচেস্টার ইউনাইটেডের টিম বাসে লিভারপুলের সমর্থকদের হামলা
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রোববার দিবাগত রাতে লিভারপুরের ঘরের মাঠে খেলতে নেমেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। অনফিল্ডে স্বাগতিকদের বিপক্ষে গোল শূন্য ড্র করেছে রেড ডেভিলরা। তবে লড়াইটা শুরু হয়েছিলো মাঠে নামার আগেই। স্টেডিয়ামে প্রবেশের সবসময় সফরকারীদের বাসে হামলা করে লিভারপুল সমর্থকরা।
ম্যাচের আগে আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন লিভারপুলের কয়েকশ সমর্থক। তাদের মধ্যে কিছুটা উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছিল। এ সময় লিভারপুলের এক সমর্থক ম্যানইউর টিম বাসে পানির বোতল ছুঁড়ে মারেন। তাতে রেড ডেভিলদের টিম বাস ক্ষতিগ্রস্থ হয়। এই হামলার একটি ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
নিজ দলের সমর্থকদের এমন কাণ্ড ভালোভাবে নেয়নি লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ। আপত্তিকর এই ঘটনাটির জন্য তীব্র নিন্দা জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্টরা। সেই সঙ্গে ওই ঘটনাটি তদন্ত করার ঘোষণা দিয়েছে তারা।
এক বিবৃতিতে লিভারপুল লিখেছে, ম্যাচের আগে অনফিল্ডে আসার সময় ম্যানচেস্টার ইউনাইটেড টিম বাসের ক্ষতি হওয়ায় লিভারপুল ফুটবল ক্লাব সম্পূর্ণভাবে নিন্দা জ্ঞাপন করছে। আমরা ইন্টারনেটে ছড়িয়ে পড়া ঘটনার চিত্র সম্পর্কে সচেতন এবং দায়ী ব্যক্তিদের সম্পূর্ণ তদন্ত ও শনাক্ত করতে মার্সিসাইড পুলিশের সঙ্গে কাজ করছি। এই নিন্দনীয় আচরণের জন্য দোষী সাব্যস্ত যেকোনো ব্যক্তিকে ক্লাবের অনুমোদন প্রক্রিয়ার সম্পূর্ণ শক্তির মুখোমুখি হতে হবে।
অবশ্য এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও ২০১৮ সালে ম্যানইউর টিম বাসে হামলা করেছিল লিভারপুলের সমর্থকরা। এজন্য ২০ হাজার ইউরো জরিমানা দিতে হয়েছিল ক্লাবটিকে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি