সাকিবের অভাব পূরণ করতে সৌম্যকে দলে নিয়েছি: হাথুরুসিংহে
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে হুট করেই জায়গা পেয়েছিলেন সৌম্য সরকার। কারণ কোচ হাথুরুসিংহের প্রিয় ছাত্র তিনি। ডুনেডিনে প্রথম ওয়ানডেতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সৌম্য। তাই প্রশ্ন উঠেছে কোনো সৌম্যকে দলে ফেরানো হয়েছে। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এই প্রশ্নের জবাব দিয়েছেন কোচ হাথুরুসিংহে।
হাথুরু বলেন, আমি জানিনা সৌম্যের সমস্যা কোথায়। ও ঘরোয়া ক্রিকেটে রান করছিলো। আর এই সিরিজে আমাদের একজনকে দরকার ছিল, যে বোলিং-ব্যাটিং দুটোই করতে পারে, যেহেতু সাকিব নেই। সাকিব ১৭ বছর ধরে খেলছে। আমরা সাকিবের মত কাউকে খুঁজছি। এজন্যই সৌম্যের একাদশে থাকা গুরুত্বপূর্ণ।
তবে সাকিব যা পারবে সৌম্য তা পারবে না। আমরা চাই ও ব্যাটিং বোলিংটা ঠিকভাবে করুক। আমরা ওকে অলারাউন্ডার হিসেবে ভাবছি। যে দলে অবদান রাখতে পারবে।
অন্যদিকে প্রস্তুতি ম্যাচে অলরাউন্ড পারফর্ম করেও প্রথম ওয়ানডের একাদশে জায়গা পাননি রিশাদ হোসেন। তাকে দলে না নেওয়ার ব্যাখ্যা হিসেবে হাথুরু বলেন, প্রথম ম্যাচে আমরা রিশাদকে দলে চেয়েছিলাম। কিন্তু এখানে যেহেতু আমাদের ফলাফল ভালো না আর আমরা দেখছি শুরুতে আমাদের উইকেট পড়ছে। তাই একাদশে একজন অতিরিক্ত ব্যাটারকে নিয়েছি আমরা। তবে ভবিষ্যতে রিশাদের মতো একজন লেগ স্পিনানকে অবশ্যই দলে চাই।
দ্বিতীয় ওয়ানডেতে বুধবার নেলসনে মাঠে নামবে বাংলাদেশ। নেলসনের উইকেট নিয়ে এই টাইগার কোচ বলেন, উইকেট খুব ভালো, এখানে আমরা আগেও কয়েকটি ম্যাচ খেলেছি। আমার মনে আছে সেটা ২০১৭ তে এবং ২০১৫ সালের বিশ্বকাপে। তখন উইকেট খুবই ভালো ছিল, আউটফিল্ডও খুব ভালো। আশা করছি হাই স্কোরিং হবে। ডানেডিন থেকে এখানকার আবহাওয়া ভালো, ক্রিকেট উপযোগী। আশা করছি ভালো ম্যাচ হবে।
প্রথম ম্যাচে ভালো শুরু করে ম্যাচ জিততে পারেনি টাইগাররা। এই নিয়ে হাথুরু বলেন, ম্যাচ হারা সবসময় হতাশার, আমাদের কিছুই করার ছিল না। বৃষ্টির কারণে আমাদের সব পরিকল্পনা ভেস্তে গেছে। আমাদের শুরু দারুণ হয়েছিল। অন্যপ্রান্ত থেকে আমাদের আরো ভালো করা উচিত ছিল। কন্ডিশনকে ভালোভাবে কাজে লাগাতে পারিনি। বারবার খেলা বন্ধ হওয়ায় অধিনায়ক চাপে পড়ে যাচ্ছিলো বোলারদের নিয়ে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি