বিপিএল শুরুর এক মাস আগেই সমর্থকদের যা বললেন তামিম

আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। তবে একই সময় আরো পাঁচটি ফ্রাঞ্চাইজি লিগ চালু হওয়ায় বিদেশি ক্রিকেটার পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই আসর শুরুর এক মাস আগেই দর্শকদের উদ্দেশ্যে কথা বলেছেন তামিম ইকবাল।
আসন্ন বিপিএলে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও দেশসেরা এই ওপেনার। বিপিএলের সূচি অনুযায়ী, উদ্বোধনের দ্বিতীয় দিনেই মুখোমুখি হচ্ছে দেশের ক্রিকেটের দুই মহারথী সাকিব আল হাসান ও তামিম ইকবালের দল। 

সোমবার (১৮ ডিসেম্বর) নিজের দল ফরচুন বরিশালের সবশেষ অবস্থা জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল; যা ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজির ফেসবুক পেজে আপলোড করা হয়।

সেখানে তামিম বলেন, আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিশেষ করে যারা বরিশাল থেকে আছেন। খুব বেশি সময় আর বাকি নেই বিপিএলের। আমরা ম্যানেজমেন্টের সঙ্গে বসে যে কাজগুলো বাকি আছে, সেগুলো ঠিকঠাক করতে পারি। আমাদের মালিক মিজান ভাই উনি আমাদের অনেক সময়ও দিচ্ছেন। আমাদের যা যা চাহিদা সেটা চেষ্টা করছেন পূরণ করে দেওয়ার। 
বিপিএল চলাকালীন মাঠে গড়াবে আরও বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি লিগ। একই সময়ে এতগুলো লিগ মাঠে থাকায় বিপিএলে মানসম্মত বিদেশি খেলোয়াড় পাওয়া নিয়ে শঙ্কায় আছে ফ্র্যাঞ্চাইজি ও সমর্থকরা। তবে আশ্বস্ত করছেন তামিম, আসলে এমন কঠিন একটা পরিস্থিতিতে আমরা আছি। আপনারা জানেন যে, বিপিএল এমন সময়ে শুরু হচ্ছে। একই সময়ে আরও পাঁচটা লিগ একইসঙ্গে চলবে। অনেক খেলোয়াড় আসা-যাওয়ার ওপর থাকবে, আমরা ওইটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছি এখন বসে সবাই। আমাদের যেন খুব বেশি এফেক্টেড হতে না হয়, তারপরও যারা ফরচুন বরিশালের ফ্যানরা আছেন আপনাদেরকে মেনে নিতে হবে। কারণ পরিস্থিতিটাই এরকম। আশা করি আমাদের দলের অতটা ক্ষতি হবে না।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads