ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। এরপর দুই ম্যাচ জিতে সমতায় ফেরে ইংল্যান্ড। তাই শেষ ম্যাচটি ছিলো সিরিজ নির্ধারণী ম্যাচ। এই ম্যাচে ইংল্যান্ডে ৪ উইকেটে হারিয়ে সিরিজ জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বৃহস্পতিবার রাতে ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৩২ রান করে ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে ৪ বল আর ৪ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।
ইংল্যান্ডের দেওয়া ১৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনার ব্রান্ডন কিং ৫ বলে ৩ রান করে ফিরে যান। আরেক ওপেনার জনসন চার্লস করেন ২২ বলে ২৭ রান। ২৪ বলে ৩০ রান করেন শেরফেন রুদারফোর্ড। ৪৩ বলে ৪৩ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন শাই হোপ।
এর আগে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। আগের দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সল্ট এই ম্যাচেও দুর্দান্ত ব্যাটিং করা শুরু করে। তবে এবার তাকে ফিফটির আগেই থামিয়ে দেন বাঁহাতি অর্থোডক্স স্পিনার গুদাকেশ মতি। ২২ বলে ৩৮ রান করেন সল্ট। এটিই ছিল ইংল্যান্ডের হয়ে গতকালের ম্যাচে সবচেয়ে বড় ব্যক্তিগত সংগ্রহ। সল্টের পর ২৯ বলে ২৮ রান করেন লিয়াম লিভিংস্টোন, ২৩ রান করেন মঈন আলি। শেষ পর্যন্ত ইনিংসের ৩ বল বাকি থাকতেই ১৩২ রানে গুটিয়ে যায় ইংলিশদের ইনিংস। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন গুদারকেশ মতি। আর সিরিজসেরা নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ব্যাটার ফিল সল্ট। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি