ক্রিকেট ছাড়ার পর সেনাবাহিনীতে যোগ দেবেন ধোনি

 গত আইপিএলের ফাইনালে গুজরাটকে হারিয়ে আইপিএলের পঞ্চম শিরোপা ঘরে তোলে চেন্নাই সুপার কিংস। যার সব গুলোই  মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে। গত আইপিএলের ফাইনালের পর থেকেই প্রশ্ন উঠেছিলো ২০২৪ আইপিএলে ধোনি খেলবেন কিনা। তবে সব জলপনাকে পিছনে ফেলে আসন্ন আইপিএলে আবারো মাঠে ফিরবেন তিনি। এই তথ্য নিশ্চিত করেছে চেন্নাই। অন্যদিকে অবসরের পর নিজের পরিকল্পনা জানিয়েছেন ভারতীয় সাবেক অধিনায়ক।
  
একটি অনুষ্ঠানে ধোনি বলেন, আমি কখনও এটা নিয়ে ভাবিনি। আমি এখনও ক্রিকেট খেলছি। আইপিএল খেলছি। ক্রিকেট ছাড়ার পর কী করব তা দেখাটা খুবই আকর্ষণীয় হবে। নিশ্চিতভাবে মনে করি, আমি সেনাবাহিনীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই। কারণ গত কয়েক বছর আমি সেটি করতে পারিনি।

আগেও সেনাবাহিনীর পোশাকে দেখা গেছে ধোনিকে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষে অনারারি লেফটেন্যান্ট হিসেবে কাশ্মীরে ১৫ দিনের কাজের অভিজ্ঞতা আছে তার। যা ক্রিকেট ছাড়ার পর তার সেনাবাহিনীতে বেশি সময় কাটানোর ইচ্ছাকে জাগিয়ে তুলেছে। ২০১৯ সালের ৮ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেনাবাহিনীর ক্যাপ পরে ভারতীয়দের খেলতে নামার পরিকল্পনাটিও ছিল ধোনির। ম্যাচটি হয়েছিল তার জন্মশহর রাঁচিতে। সে বছরের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরে পাকিস্তানি এক জঙ্গি সংগঠনের হামলায় প্রায় ৪০ ভারতীয় সেনা নিহত হন। তারই প্রতিবাদে সেনাবাহিনীর ক্যাপ পরে মাঠে নামেন ধোনিরা।

চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং ধোনি সম্পর্কে বলেন, আমাদের পরিকল্পনা ছিল ধোনির ১০ বছরের কৃতিত্ব নিয়ে চেন্নাইয়ের পক্ষ থেকে কিছু আয়োজনের। এটি নিয়ে আলোচনাও হয়েছিল। পরে ধোনি নিজেই আরও কিছু সময় আমাদের সঙ্গে থাকার আগ্রহ প্রকাশ করে। তার এমন নিবেদন দল ও ফ্র্যাঞ্চাইজির জন্য অনেক কিছু। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads