টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেও ছিটকে গেলেন এবাদত
ফাস্ট বোলাররা যদি একবার ইনজুরিতে পড়ে, তারা সহজে সুস্থ হয়ে উঠে না। মাঠে নামার অপেক্ষা যেনো বাড়তেই থাকে। বাংলাদেশের পেসার এবাদত হোসেন যেনো সেই সারির খেলোয়াড়। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে হাঁটুর চোটে এশিয়া কাপ ও ভারত বিশ্বকাপ খেলতে পারেননি এই পেসার। ২৯ বছর বয়সী পেসার খেলতে পারবেন না ১৯ জানুয়ারি শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।
জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলা হচ্ছে না এবাদতের। তিনি মাঠে ফিরতে পারেন আগামী আগস্ট-সেপ্টেম্বরে। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এবাদতের ফেরা নিয়ে প্রধান নির্বাচক বলেছেন, আমার মনে হচ্ছে, আমাদের ঘরোয়া মৌসুম আগস্ট-সেপ্টেম্বরে। এর আগে সম্ভব না। এ রকম একটা তথ্য আমাদের কাছে আছে। চূড়ান্ত আপডেট মেডিক্যাল থেকে না এলে বলতে পারছি না।
সব কিছু ঠিক থাকলে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা আগামী জুনে। এবাদত ফিরতে আগস্ট-সেপ্টেম্বর হলে স্বাভাবিকভাবে বিশ্বকাপে তাকে পাওয়ার সম্ভাবনা নেই। এদিকে আগামী ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে মিনহাজুলের নেতৃত্বাধীন নির্বাচক প্যানেলের মেয়াদ। আলোচনা আছে, এবার আর নির্বাচক প্যানেলে থাকা হচ্ছে না মিনহাজুলের। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি