পেসার শরিফুলকে প্রসংশায় ভাসালেন হেড কোচ হাথুরুসিংহে
নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামার আগে সিরিজ জয়ের স্বপ্ন দেখেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তবে সিরিজ জিততে না পারলেও, কিউইদের মাটিতে সাদা বলের দুই ফরমেটে জয়ের খরা কাঁটিয়েছে টাইগাররা। যা আগের কোনো দল পারেনি। তাই এই সফরকে সফল বলে মন্তব্য করেছেন টাইগার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
রোববার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, আগের সব দলের থেকে ভালো কিছু করার আশা ছিলো আমাদের। আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় ছিলো না আমাদের। এদিক থেকে এটা খুব সফল একটা সফর। তবে সিরিজ জিততে না পেরে হতাশ। আপনি যেমন জানেন, আমরা সবাই জিততে চাই। এজন্যই খেলাটা খেলি। এক পর্যায়ে আমাদের সুযোগও এসেছিল ম্যাচ (তৃতীয় টি-টোয়েন্টি) জেতার। কিন্তু আমরা যথেষ্ট রান করিনি।
তিনি বলেন, আমরা দুই ওভার পরই আলোচনা করছিলাম যে এটা ১৬০ রানের উইকেট হবে না, এখানে ১৪০-১৫০ রানের উইকেট হবে। কিন্তু আমরা সেটাও অর্জন করতে পারিনি, ভালো ব্যাট করিনি। আমরা ১০ ওভারশেষে ৪ উইকেটে ৮৪ রান ছিলাম, আমাদের রান কম ছিল। কিন্তু বোলাররা আমাদের ম্যাচে রেখেছে। পুরো সিরিজজুড়ে যেভাবে বল করেছে তারা, বেশ মুগ্ধ করার মতো।
পুরো সিরিজজুড়ে দুর্দান্ত ছিলেন পেসার শরিফুল ইসলাম। তিনি টি-টোয়েন্টিতে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন। তৃতীয় টি-টোয়েন্টির পর শরিফুলকে প্রশংসায় ভাসিয়েছেন হাথুরুও। তিনি খুশি লেগ স্পিনার রিশাদ হোসেনের পারফরম্যান্সেও।
হাথুরু বলেন, আমরা ড্রেসিংরুমে আলোচনা করেছিলাম তিন ফরম্যাটেই সম্প্রতি শরিফুল আমাদের জন্য অসাধারণ বল করছে। ৮ মাস আগে সে দলেই ছিল না, কোনো ফরম্যাটেই খেলছিল না। এখন সে সেরা বোলার। আরেকটা ব্যাপার হচ্ছে রিশাদ, আমরা একজন লেগ স্পিনারকে সাদা বলে ক্রিকেটে সুযোগ দেওয়ার চেষ্টা করছিলাম। সে তার পরীক্ষায় উতরে গেছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি