বিশ্বকাপের আগে টাইগার যুবাদের ব্যাট দিলেন তামিম ইকবাল

এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ দল এবার নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকায় উড়াল দেবে। সেখানে আগামী ১৯ জানুয়ারি শুরু হবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এই যুবারা ব্যাট চেয়েছিলেন তামিম ইকবালের কাছে। তামিম সেই মোতাবেক ব্যাট প্রস্তুতকারী একটি সংস্থার মাধ্যমে ব্যাট নিয়ে আসেন। 

শুক্রবার সকালে একাডেমি মাঠে যুবাদের অনুশীলন চলাকালীন তাদের হাতে ব্যাট তুলে দেন তামিম। এর আগেও অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ক্রিকেটারদের প্রত্যেককে ব্যাটসহ প্রয়োজনীয় সকল ধরনের সামগ্রী দিয়েছেন। এবার পেলেন আরও উন্নতমানের ব্যাট। 

বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ জানিয়েছে, তামিম বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে কথা বলে যুবাদের জন্য ব্যাট নিয়ে এসেছেন। তারা তামিমের কাছে ব্যাট চেয়েছিল। তামিম যে মানের ব্যাট দিয়ে খেলে সে ব্যাট নিয়ে এসেছেন। এটা অবশ্যই ক্রিকেটারদের কাজে লাগবে।

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে সবশেষ মিরপুরে এসেছিলেন তামিম। বিশ্বকাপ দল থেকে বাদ পড়ার পর এতদিন মিরপুরমুখী হননি এই বাঁহাতি ওপেনার। শুক্রবার এসে যুবাদের ব্যাট তুলে দেন। এ ছাড়া যুবাদের কোচ ওয়াসিম জাফর-স্টুয়ার্ট ল’র সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। 

দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বিমান ধরার আগে আরও একদিন অনুশীলন করবে মাহফুজুর রহমান রাব্বির দল। ৭ জানুয়ারি রাতে ঢাকা ত্যাগ করবে তারা। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপ। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি

Walton Ads