রাফায়েল নাদাল অস্ট্রেলিয়ান ওপেন থেকে সরে দাঁড়ালেন
স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল বছরের প্রথম গ্র্যান্ড স্লামে খেলবেন না। পেশির চোটের জন্য অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। মেলবোর্ন পার্কে না খেলার ঘোষণা দিয়ে নাদাল এক্সে (আগের টুইটার) লিখেছেন, এই মুহুর্তে আমি সর্বোচ্চ পর্যায়ে পাঁচ সেটের ম্যাচে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য প্রস্তুত নই। আমার ডাক্তারকে দেখাতে আমি স্পেনে ফিরে যাচ্ছি। ওখানে চিকিৎসা করাবো এবং বিশ্রামে থাকবো।
নিতম্বের চোটের জন্য গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনের পর থেকে কোর্টের বাইরে ছিলেন নাদাল। দীর্ঘদিনের বিরতির পর কয়েকদিন আগে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস দিয়ে প্রতিদ্বন্দ্বীতামূলক টেনিসে ফিরেছিলেন ২২ বারের এই গ্র্যান্ড স্লাম জয়ী। ফেরাটা যদিও মোটেও সুখকর হয়নি।
শুরুতেই বেজে যায় তার বিদায়ঘণ্টা। অন্যদিকে পেশীর চোট নিয়েও নতুন করে দুঃশ্চিন্তায় পরে স্প্যানিয়ার্ড তারকা। সেই চোটের জন্য বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন থেকেই ছিটকে দিল তাকে।
চোট নিয়ে নাদাল লিখেছেন, ব্রিসবেনে আমার শেষ ম্যাচে আমার পেশীতে সমস্যা দেখা দিয়েছিল। এটা আমাকে চিন্তায় ফেলেছিল। মেলবোর্নে আসার পর এমআরআই করানোর পর আমার পেশীতে মাইক্রো টিয়ার ধরা পড়ে। তবে আগের চোটাক্রান্ত জায়গায় নয়, অন্যখানে। এটা ভালো খবর। অস্ট্রেলিয়াতে পা রেখেই তার কাছে শিরোপার প্রত্যাশা না করার কথা বলেছিলেন নাদাল।
এবারের মতো খালি হাতেই দেশে ফেরার বিমান ধরছেন তিনি। ১৪ জানুয়ারি শুরু হবে বছরের অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্ন পার্কে দুইবার শিরোপা জিতেছেন নাদাল। ২০০৯ সালে প্রথমবার জেতেন অস্ট্রেলিয়ান ওপেন। এরপর দীর্ঘ বিরতি দিয়ে ২০২২ সালে আবারো মেলবোর্ন পার্কে শিরোপা উৎসবে ভাসেন স্প্যানিয়ার্ড তারকা।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি