অস্ট্রেলিয়ার বিগ ব্যাশকে পেছনে ফেললো দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ
ক্রিকেটে বেড়েছে বাণিজ্য, বেড়েছে আয়। অর্থের ঝনঝনানির কারণে ক্রিকেটাররাও ঝুঁকে পড়েছেন ফ্রাঞ্চাইজি লিগে। ক্রিকেটার ও ফ্র্যাঞ্চাইজি মালিকদের আকৃষ্ট করতে প্রাইজমানিও দিন দিন বেড়ে চলেছে এসব আসরে।
বুধবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি আসর এসএ টোয়েন্টি। টুর্নামেন্ট সামনে রেখে প্রাইজমানি ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকান মুদ্রায় এবার ৭ কোটি রেন্ড অর্থ পুরস্কার দেবে প্রোটিয়া বোর্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ কোটি টাকা।
সিএসএর এ ঘোষণার মধ্য দিয়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগগুলোর সর্বোচ্চ প্রাইজমানির তালিকায় দুইয়ে উঠে এলো এসএ টোয়েন্টি। আইপিএলের পরেই এখন এসএ টোয়েন্টির অবস্থান। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট লিগ আইপিএলের সর্বশেষ আসরে রেকর্ড ৬১ কোটি টাকা অর্থ পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ক্রিকেট বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সর্বোচ্চ প্রাইজমানিতে এত দিন ৩৯ কোটি টাকা পুরস্কার দিয়ে আইপিএলের পরেই অবস্থান ছিল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের। ৪০ কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে দুইয়ে উঠে এসেছে এসএ টোয়েন্টি, বিগ ব্যাশ নেমে গেছে তিনে। বিসিবি বিশ্বের পঞ্চম ধনী ক্রিকেট বোর্ড হলেও বিপিএল নেই তালিকায় শীর্ষ পাঁচেও।
প্রাইজমানির দিক দিয়ে বিপিএলের অবস্থান নবম। ১৯ জানুয়ারি শুরু হবে বিপিএলের দশম আসর। এবারের আসরের প্রাইজমানি এখনো জানায়নি বিসিবি। প্রাইজমানির দিক থেকে শীর্ষ ১০ লিগের তালিকায় বিপিএলের পর শুধু লঙ্কান প্রিমিয়ার লিগ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি