নাজমুল হাসান পাপন যুব ও ক্রীড়ামন্ত্রী
বুধবার প্রথমে ঘোষণা করা হয় নতুন সরকারের মন্ত্রীদের নাম। বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হোসেন পাপনের নাম পূর্ণ মন্ত্রী হিসেবে ঘোষণা হওয়ার পরপরই ক্রীড়াঙ্গনে জল্পনা-কল্পনা শুরু হয় কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন পাপন।
শেষ পর্যন্ত সকল আলোচনার অবসান ঘটিয়ে পাপন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পেলেন। এই মন্ত্রণালয়ে সাধারণত প্রতিমন্ত্রী দায়িত্ব গ্রহণ করেন। এবার ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথমবারের মতো ঘটল। এতে বিস্মিত ক্রীড়াঙ্গনের অনেকেই।
ক্রীড়াঙ্গনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা থাকাদের মধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ে প্রথম দায়িত্ব পান সাদেক হোসেন খোকা। তিনি ব্রাদার্স ইউনিয়ন ও ঢাকা মহানগরী ফুটবল কমিটির কর্মকর্তা ছিলেন। সাদেক হোসেন খোকার পর ক্রীড়াঙ্গন থেকে দ্বিতীয় মন্ত্রী ছিলেন আরিফ খান জয়। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী হন।
এছাড়া ওবায়দুল কাদের, আহাদ আলী সরকার, বিরেণ শিকদার ও জাহিদ আহসান রাসেল প্রতিমন্ত্রী হয়েছিলেন ক্রীড়াঙ্গনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা ছাড়াই।
নাজমুল হাসান পাপন আবাহনী ক্লাবের পরিচালক, বিসিবির সভাপতির দায়িত্বে এক দশকের বেশি সময়। রাজনৈতিক পরিচয় ছাপিয়ে তিনি গত এক দশকে ক্রীড়াঙ্গনের অন্যতম নীতি-নির্ধারক ছিলেন।
উল্লেখ্য, প্রায়ত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানের ছেলেন নাজমুল হাসান পাপন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি