রোনালদোর বিরুদ্ধে মাঠে নামতে তর সইছে না লিওনেল মেসির
দুই মাস বিরতি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ এল সালভাদর। এর দুদিন পর এফসি ডালাসের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে মায়ামি।
এই দুটি ম্যাচ খেলে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন মেসি-সুয়ারেজ-আলবারা। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মেগা টুর্নামেন্ট। ইন্টার মায়ামি, আল হিলাল ও আল নাসরকে নিয়ে আয়োজন করা হয়েছে রিয়াদ সিজন কাপ।
সে টুর্নামেন্টে ২৯ জানুয়ারি আল হিলাল এবং ১ ফেব্রুয়ারি আল নাসরের বিপক্ষে খেলবে মায়ামি। এর মধ্যে আরও একবার মেসি-রোনালদোর দ্বৈরথ দেখতে পারবে ফুটবল বিশ্ব। মেসি-নেইমার দু’বন্ধুর দেখাও হতে পারত টুর্নামেন্ট ঘিরে। কিন্তু চোটের কারণে মাঠের বাইরে থাকায় সেটা আর হচ্ছে না। তাই মেসি-রোনালদো দ্বৈরথ দেখতে মরিয়া হয়ে আছে ফুটবলপ্রেমিরা।
আর ঐতিহাসিক এ সফর ঘিরে তর সইছে না এলএমটেনের। তাই তো সেটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ্যে আনলেন মেসি। রিয়াদ সিজন কাপ নিয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিন দলের এই প্রতিযোগিতাকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে মেসি লিখেন, ইন্টার মায়ামির হয়ে রিয়াদ সিজন কাপের অংশ হতে তর সইছে না, যেখানে আমরা এক ‘ঐতিহাসিক’ চ্যাম্পিয়নশিপে সৌদির শীর্ষ ক্লাবগুলোর মুখোমুখি হবো।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি