পাপন রোববার মন্ত্রণালয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করে যাবেন ক্রীড়া পরিষদে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দীর্ঘ দিন ধরে সভাপতির দায়িত্ব পালনের পর এবার আরও একটি নতুন দায়িত্ব পেলন নাজমুল হাসান পাপন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার মন্ত্রীর প্রজ্ঞাপন জারী হয়েছে। শুক্র-শনিবার সরকারি ছুটি। মন্ত্রী হিসেবে রোববার প্রথম কর্মদিবস পার করবেন পাপন।
নিজের প্রথম কর্ম দিবসেই ক্রীড়াঙ্গনের সকলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন নতুন ক্রীড়ামন্ত্রী। রোববার সকাল ১০টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে যাবেন পাপন। মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। ক্রীড়া মন্ত্রণালয়ে কয়েক ঘণ্টা সময় কাটানোর পর দুপুর দুইটায় জাতীয় ক্রীড়া পরিষদে যাবেন নতুন ক্রীড়ামন্ত্রী।
জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানও যুব ও ক্রীড়ামন্ত্রী। এখানে বিভিন্ন ফেডারেশনের নেতৃবৃন্দ পাপনকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি পাপন বিভিন্ন ফেডারেশনের সামগ্রিক অবস্থা সম্পর্কেও খানিকটা অবগত হবেন। এরপর গণমাধ্যমের সঙ্গে মন্ত্রী হিসেবে নিজের আনুষ্ঠানিক প্রথম দিন নিয়ে কথা বলবেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি