টেস্ট না খেলার কারণ জানালেন তাসকিন
সাদা পোশাকে নিয়মিত দেখা যাচ্ছে না জাতীয় দলের পেসার তাসকিন আহমেদকে। সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে। চোটের কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলা হয়নি তার। চলমান বিপিএল দিয়ে খেলায় ফিরলেও টেস্ট ক্রিকেটে খুব দ্রুত ফিরছেন না তিনি।
চোট থেকে সেরে উঠতে না পেরে তাসকিন টেস্ট ক্রিকেট থেকে বিরতি চেয়ে বিসিবির কাছে চিঠি দিয়েছেন। গতকাল দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচের পর তাসকিন সংবাদ মাধ্যমকে টেস্ট না খেলার কারণ জানিয়ে বলেছেন, আমার কাধেঁ ৪৫ শতাংশ টিয়ার ছিল। সর্বশেষ বিশ্বকাপের সময় এমআরআই করেছিলাম।
তিনি বলেন, ‘আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি বাধ্যতামূলক। সার্জারি করলে আট মাস থেকে এক বছর বাইরে থাকতে হবে। আবার ছন্দ কেমন হবে না হবে, অনেক কিছুর বিষয় আছে। আমি বোর্ডকে জানিয়েছিলাম যে আমাকে যদি টেস্ট ক্রিকেট থেকে বিরত রাখা যায় যদি আগামীতে উন্নতি হয়, তাহলে চেষ্টা করব টেস্ট খেলার জন্য।’
গতকাল বিপিএলে দুর্দান্ত ঢাকার অধিনায়ক হিসেবে তাসকিনের অভিষেক হয়েছে। তাসকিনের দল ঢাকা ৫ উইকেটে হারলেও নতুন দায়িত্ব বেশ উপভোগ করেছেন তিনি।