ভুটানে আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় দিপু দেওয়ানের দুটি স্বর্ণপদক জয়
আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতায় বাংলাদেশের কৃতি জুডো খেলায়াড় দিপু দেওয়ান দুটি স্বর্ণপদক জয় করেছেন। দেশের আরেক প্রতিযোগি মো. আনিছুর রহমান আকাশ পেয়েছেন রৌপ্য পদক।
গত ১০ ফেব্রুয়ারি থেকে ভুটানের থিম্পুতে শুরু হয় দ্বিতীয় ভুটান জিতা-কিওই আন্তর্জাতিক জুডো প্রতিযোগিতা। পাঁচদিনব্যাপী এই প্রতিযোগিতা শেষ হয় ১৫ ফেব্রুয়ারি। এই আসরে বাংলাদেশের দিপু দেওয়ান +৬৬ কেজি ওজন শ্রেণীতে স্বর্ণ পদক অর্জন করেন। আরেক প্রতিযোগি মো. আনিছুর রহমান আকাশ -৬৬ কেজি ওজন শ্রেণীতে রৌপ্য পদক অর্জন করেছেন।
এ প্রতিযোগিতায় দলগত খেলায় দিপু দেওয়ান এর দল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় তিনি তার দ্বিতীয় স্বর্ণ পদক অর্জন করেন। বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে পদক জয়ী দুই খেলোয়াড়ের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ জুডো ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুন নাহার হিরু।