যত তাড়াতাড়ি সুস্থ হব, দলে ফিরব: পেসার এবাদত
গত বছর সর্বশেষ জাতীয় দলের হয়ে আফগানিস্তানের বিপক্ষে খেলেছিলেন এবাদত হোসেন। ওই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাঁটুর ‘এসিআই গ্রেড ওয়ান’ ইনজুরিতে পড়েন তিনি। এরপর ৯ মাসের জন্য দল থেকে ছিটকে গেছেন এ টাইগার পেসার। মিস করেছেন এশিয়াকাপ-ওয়ানডে বিশ্বকাপ।
সিলেটে চলছে বাংলাদেশ-শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ। এ ম্যাচ দেখতে স্টেডিয়ামে এসেছিলেন বাংলাদেশে স্যালুট ম্যান। শ্রীলঙ্কার ইনিংসের বিরতিতে প্রেসিডেন্ট বক্সে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের সঙ্গে দেখা যায় তাকে। এ সময় ইবাদতকে জালাল বলেন, তুমি আমাদের স্ট্রাইক বোলার ছিলে। এশিয়া কাপ-বিশ্বকাপে তোমাকে অনেক মিস করেছি।
এবাদত এখন ব্যস্ত পুনর্বাসনপ্রক্রিয়া নিয়ে। ফিরে আসা নিয়ে গণমাধ্যমকে এবাদত বলেছেন, পুনর্বাসনের তৃতীয় পর্যায়ে আছি। আমার পায়ে ৭০ শতাংশ স্ট্রেংথ বিল্ডআপ হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব আমার দৌড়ানোর তীব্রতা ৭০ থেকে ৮০ শতাংশ হলে শর্ট রানআপে বোলিং শুরু করব। এটা করতে যত দিন সময় লাগে। আশা করছি যে চার-পাঁচ সপ্তাহ।
মাউন্ট মঙ্গানুই টেস্টের জয়ের নায়ক ছিলেন। ঘরের মাঠ সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলেও ছিলেন না এবাদত। এ বিষয়ে এ পেসার বলেন, ওরা দেশে এসেছে। সেখানে যদি আমি খেলতে পারতাম, জিততে পারতাম, আরেকটু ভালো লাগত। তো মিস করছি। ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সুস্থ হব, দলে ফিরব।
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এবাদত জানান, এটা বলা মুশকিল। আমি যদি বলি বিশ্বকাপ খেলব আর যদি খেলতে না পারি তাহলে অনেকে বলবে যে, না আমি পুনর্বাসনের কাজ করিনি বা ভালো হয়নি (পুনর্বাসনের কাজ)। আমার প্রত্যাশা-লক্ষ্য আছে। যদি এর ভেতরে ফিরতে পারি, তো আলহামদুলিল্লাহ। তবে আমার চেষ্টা থাকবে।