দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতে রেকর্ড গড়লো শ্রীলঙ্কার মেয়েরা
প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে শ্রীলঙ্কা নারী দল। এই সিরিজে ২-১ ব্যবধানের জয়ে রেকর্ড গড়েছে লঙ্কানরা। গত বুধবার ইস্ট লন্ডনে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট আর ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার খেলায় ৬ উইকেটে ১৫৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দল। অধিনায়ক লরা উলভার্ট ৪৭ বলে ৫৭, আনেকে বসখ ২১ বলে ২৭ আর শেষদিকে নাদিকে ডি ক্লার্ক ২৫ বলে খেলেন ৪৪ রানের হার না মানা ইনিংস। শ্রীলঙ্কার সুগান্দিকা কুমারি ২৪ রান খরচায় শিকার করেন তিন উইকেট। -ক্রিকইনফো
জবাবে অধিনায়ক চামারি আতাপাত্তুর ৪৬ বলে ৭৩ আর হর্ষিতা সামারাবিক্রমার ৪৩ বলে অপরাজিত ৫৪ রানে ভর করে জয় তুলে নেয় লঙ্কান মেয়েরা। দক্ষিণ আফ্রিকার নাদিকে ডি ক্লার্ক ২৫ রানে শিকার করেন দুই উইকেট।