বিশ্বকাপের মাঝেই মাঠে গড়াচ্ছে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি টুর্নামেন্ট
আগামী মাসে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো তাদের স্কোয়াড ঘোষণা শুরু করেছে। এরই মধ্যে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করলো ভারত। এই ফ্র্যাঞ্চাইজিটি মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই।
শুক্রবার ভারতের একটি বিলাসবহুল হোটেলে ট্রফি উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (সিএবি) সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি ও অন্য কর্তারা।
ট্রফি উন্মোচনে ভারতের সাবেক তারকা ক্রিকেটাররাও উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন-সৌরভ গাঙ্গুলি, প্রণব রায়, উৎপল চট্টোপাধ্যায়, গার্গী মুখোপাধ্যায়, শরদিন্দু মুখোপাধ্যায়, ঝুলন গোস্বামী, মনোজ তিওয়ারি ও লক্ষ্মীরতন শুক্লা।
এ টুর্নামেন্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে আগামী ১১-২৮ জুন। যেখানে অংশগ্রহণ করবে ৮টি দল। পুরুষ ও নারী দুটি ভার্সনেই হবে এ টুর্নামেন্টটি। মহিলাদের খেলাগুলি হবে সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মাঠে। পুরুষদের ম্যাচগুলি হবে ইডেন গার্ডেন্সে। দু’টি গ্রুপেই মোট ৩১টি করে ম্যাচ হবে। সিএবির পাশাপাশি এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্বে রয়েছে আরিভা স্পোর্টস। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি