দলের সংখ্যা বাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আগামী মৌসুম (২০২৪-২৫) থেকে দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি। পাশাপাশি চলমান প্রিমিয়ার লিগ থেকে মাত্র একটি দলকে কমানোরও সিদ্ধান্ত নিয়েছে বাফুফে।
শুক্রবার (৩ মে) বাফুফে ভবনে ৯ এজেন্ডা নিয়ে দীর্ঘ ছয় মাস পর বৈঠকে বসে বাফুফের কার্যনির্বাহী কমিটি। প্রায় চার ঘন্টার দীর্ঘ বৈঠকে নির্ধারিত এজেন্ডা ছাড়াও আলোচনা হয়েছে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে।
বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দুই ক্লাবের পরিবর্তে অবনমন হবে একটি ক্লাবের। আর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে প্রিমিয়ার লিগে উঠবে দুটি দল। অর্থাৎ দল বাড়ছে প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে।
বাফুফের নির্বাহী কমিটির সভা শেষে গণমাধ্যমে কথা বলেছেন বাফুফে সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি বলেন, বিপিএলে এবার একটি দল রেলিগেটেড হবে। কারণ আরেকটা দল গত বিসিএলে খেলে নাই।
বাফুফের পেশাদার লিগ কমিটির সবশেষ বৈঠকে প্রিমিয়ার লিগে প্রতিটি দলের একাদশে বাধ্যতামূলক একজন অনূর্ধ্ব-১৬ কিংবা ১৮ ফুটবলার রাখার সিদ্ধান্ত বাতিল হয়েছে। এছাড়া বৈঠকে চূড়ান্ত হয়েছে পরবর্তী ফুটবল নির্বাচনের আগে আরও একটি সভা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি