আইপিএলের কারণেই বিশ্বকাপ জিততে সহজ হয়েছে অস্ট্রেলিয়ার: ডেভিড ওয়ার্নার
গত বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে ভারতকে হারিয়েই রেকর্ড ষষ্ঠবারের মতো শিরোপা জিতেছিলো শক্তিশালী অস্ট্রেলিয়া। এই ট্রফি জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেন ওপেনার ডেভিড ওয়ার্নার। সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন পুরো টুর্নামেন্টে অজেয় ভারতকে ফাইনালের দিন কিভাবে কুপোকাত করলো তারা।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণেই বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এমন মন্তব্যই করে ওয়ার্নার বলেন, আইপিএলে খেলার কারণেই আমরা ফাইনালে সুবিধা পেয়েছি। উইকেট সম্পর্কেও ভালো ধারণা ছিলো আমাদের। এছাড়া আবহাওয়া, পরিস্থিতি, পিচ, সবই আমাদের পরিচিত। লাল মাটি অথবা কালো মাটিতে পিচ কেমন হতে পারে আমরা সবই জানতাম। এগুলোই আমাদের জেতাতে সাহায্য করেছে।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচ তাদের পক্ষেই ছিলো। এ বিষয়ে বাঁহাতি ব্যাটার বলেন, আমাদের কিছু হারানোর ছিলো না। ২০০৯ সাল থেকেই ভারতের মাঠগুলো আমরা চিনতে শুরু করেছি। আহমেদাবাদ এমন এক মাঠ, যেখানে অস্ট্রেলিয়ার মতোই বাউন্ডারি। আমরা পরিকল্পনা করেছিলাম মেলবোর্নের মাঠকে মাথায় রেখে। বল করার সময় ভারতকে আমরা দূরের বাউন্ডারিতে মারতে বাধ্য করেছিলাম। বুকের উচ্চতায় বল করেছিলাম। আমাদের দল অভিজ্ঞ। যেভাবে খেলতে চেয়েছিলাম ঠিক সেভাবেই খেলতে পেরেছি। সূত্র: যমুনা
ওয়ার্নার ২০০৯ সাল থেকে ২০২৪ টানা ১৫ বছর ধরে আইপিএলে মাঠ মাতাচ্ছেন। দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন তিনি। এ বিষয়ে ওয়ার্নার বলেন, ভারত আমার কাছে দ্বিতীয় বাড়ির মতো। বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতে আগেও বেশ কয়েকবার খেলেছে দুই দল। সেই অনুযায়ী দুই দলের জন্যই এটি নিরপেক্ষ ভেন্যু ছিলো। সেদিন শুধু মাত্র গ্যালারিতে ১ লাখ সমর্থকের কারণে কিছুটা এগিয়ে ছিলো ভারত।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি