ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে শীর্ষে আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল আর্সেনাল। রোববার রাতে ওল্ড ট্রাফোর্ডের এই ম্যাচে ম্যানইউকে ১-০ ব্যবধানে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে উঠে আসলো মিকেল আর্তেতার দল। ৩৭ ম্যাচ শেষে আর্সেনালের পয়েন্ট ৮৬। এক ম্যাচ কম খেলে ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের শুরুটা বেশ আত্মবিশ্বাসী হয়ে খেলা শুরু করে আর্সেনাল। দারুণ ছন্দে থাকা ট্রোসার্ডের গোলে ২০তম মিনিটে এগিয়ে যায় তারা। মাঝমাঠ থেকে সতীর্থের উঁচু করে বাড়ানো বল ধরে কিছুটা এগিয়ে বাইলাইন থেকে গোলমুখে পাস দেন কাই হাভার্টজ। ছুটে এসে ছোট্ট টোকায় জল জালে জড়ান বেলজিয়ান ফরোয়ার্ড।
৪৩তম মিনিটে গোল দেওয়ার চেষ্টা করে ম্যানইউ। বাঁ দিক থেকে ডি-বক্সে ঢুকে আলেহান্দ্রো গারনাচো বাইলাইন থেকে কাটব্যাক করেন কিন্তু বল তার কোনো সতীর্থের কাছে পৌঁছানোর আগেই ঝাপিয়ে রুখে দেন গোলরক্ষক দাভিদ রায়া।
বিরতির পর প্রায় সমানতালে চলতে থাকে আক্রমণ-পাল্টা আক্রমণ। কেউই অবশ্য প্রতিপক্ষকে খুব কঠিন পরীক্ষায় ফেলতে পারছিল না। ৭৮তম মিনিটে গোল পাওয়ার কাছাকাছি যায় ইউনাইটেড। কিন্তু পাশের জালে বল মেরে হতাশ করেন গারনাচো।
আগামী সপ্তাহে শেষ রাউন্ডে ঘরের মাঠে এভারটনের মুখোমুখি হবে ২০ বছর আগে সবশেষ লিগ শিরোপা জেতা আর্সেনাল। আর সিটি তাদের বাকি দুই ম্যাচে খেলবে টটেনহ্যাম হটস্পার ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি