ঝড়ে লণ্ডভণ্ড স্টেডিয়াম, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে শঙ্কা

 যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপ শুরুর আগে আয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগামী ২১, ২৩ ও ২৫ মে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে শান্ত-সাকিবরা। তিনটি ম্যাচের খেলা শুরু হওয়ার কথা রয়েছে বাংলাদেশ সময় রাত ৯টায়।

শুক্রবার (১৭ মে) বাংলাদেশ সময় ভোর ৪টায় হাউসটনের জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পৌঁছে যায় টাইগাররা। সেখানে পৌঁছেই ঝড়ের দেখা পেল তারা। সেই ঝড়ের কারণে শঙ্কায় পড়েছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ।

যুক্তরাষ্ট্রর বেশিরভাগ ক্রিকেট মাঠের স্থাপনা অস্থায়ী। হাউসটনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সেরও তাই। এই মাঠে আগামী মঙ্গলবার থেকে স্বাগতিকদের বিপক্ষে সিরিজ খেলার কথা বাংলাদেশের। তবে প্রবল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে মাঠের অস্থায়ী স্থাপনা। তাই সিরিজ মাঠে গড়ানো নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে (পিভিসি) অস্থায়ী ডাগআউট এবং ভিআইপি তাবুসহ যে অস্থায়ী অবকাঠামো স্থাপন করা হয়েছিল তার বেশিরভাগই ঘণ্টায় ৭৫ মাইল গতির ঝড়ে ভেঙেচুরে একাকার। খেলোয়াড়দের ডাগআউট, ভিআইপি টেন্ট, সাইটস্ক্রিনসহ মাঠের সব স্থাপনাই অস্থায়ী। এসব অস্থায়ী স্থাপনাই ঝড়ের কবলে পড়ে বিধ্বস্ত হয়ে গেছে। এমনকি প্র্যাকটিস নেটও পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্প্রচার কর্তৃপক্ষের জন্য স্থাপন করা সবগুলো স্ট্যান্ডই ঝড়ে উড়ে গেছে। এই পরিস্থিতি জানাচ্ছে এই মাঠে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিন ম্যাচের টি- টোয়েন্টি সিরিজের আয়োজন অনিশ্চিত। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি 

Walton Ads