ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহ ডিসেম্বরে মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে তার অনবদ্য পারফরম্যান্সে তিনি এই পুরষ্কার অর্জন করেছেন।
বুমরাহ ডিসেম্বরে তিনটি টেস্ট ম্যাচে ১৪.২২ গড়ে ২২ উইকেট শিকার করেন। অ্যাডিলেডে প্রথম ইনিংসে ৬১ রানে ৪ উইকেট নেন, এরপর ব্রিসবেনে প্রথম ইনিংসে ৭৬ রানে ৬ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ১৮ রানে আরও ৩ উইকেট শিকার করেন। মেলবোর্নে প্রথম ইনিংসে ৯৯ রানে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৫৭ রানে ৫ উইকেট নেন।
তার ধারাবাহিক ও নজরকাড়া পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতিটি পান বুমরা। এটি তার জন্য দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটার হওয়া। প্রথমবার তিনি ২০২৪ সালের জুন মাসে এই পুরস্কার পেয়েছিলেন।
বুমরাহের এই অসাধারণ পারফরম্যান্স ভারতীয় ক্রিকেটে এক নতুন অধ্যায় যোগ করেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটে তার অবস্থান আরো মজবুত করেছে।