চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতলেও বিতর্কের আগুন যেন নেভেনি। এবার নতুন বিতর্কের জন্ম দিয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজক পাকিস্তানের কাউকে না থাকা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।
দীর্ঘ ২৯ বছর পর আইসিসির কোনো ইভেন্ট আয়োজনের সুযোগ পেয়েছিল পাকিস্তান। তবে ভারতের আপত্তির কারণে হাইব্রিড মডেলে আয়োজন করতে হয় টুর্নামেন্ট। যেখানে একমাত্র দল হিসেবে ভারত নিজেদের সব ম্যাচ খেলেছে দুবাইয়ে।
ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিসিসিআই সভাপতি রজার বিনি ও সচিব জয় শাহ উপস্থিত ছিলেন। কিন্তু সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো প্রতিনিধিকে দেখা যায়নি। ধারণা করা হচ্ছিল, অন্তত পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি থাকবেন, কিন্তু সেটিও হয়নি।
এ নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব আখতার। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "খুব অদ্ভুত লাগল। পাকিস্তান আয়োজক হয়েও পুরস্কার বিতরণীতে আমাদের কেউ ছিল না! এটা মেনে নেওয়া কঠিন। বিশ্বমঞ্চে আমাদের প্রতিনিধিত্ব থাকতেই হবে।"
সাবেক এই গতিতারকা আরও বলেন, "পাকিস্তানের একজনকেও সেখানে দেখলাম না। কেউ কেন ট্রফি দিতে এলেন না? প্লিজ এটা নিয়ে ভাবুন। আমরা আয়োজক হয়েও পুরস্কার বিতরণীতে নেই—এটা সত্যিই দুঃখজনক!"
এই ঘটনার পর পাকিস্তানের ক্রিকেট মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, পাকিস্তান কি শুধুই নামমাত্র আয়োজক ছিল? নাকি পরিকল্পিতভাবে তাদেরকে এই মঞ্চ থেকে দূরে রাখা হয়েছে?