জ্বরে আক্রান্ত হয়ে গল টেস্টে খেলা হয়নি মেহেদী হাসান মিরাজের। তবে কলম্বো টেস্টের আগে পুরোপুরি ফিট হয়ে ফিরেছেন এই অলরাউন্ডার। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন করছেন এবং একাদশে ফেরার সম্ভাবনাও প্রবল।
সাম্প্রতিক সময়ে ব্যাট ও বল হাতে দুর্দান্ত ছন্দে আছেন মিরাজ। লাল বলের ক্রিকেটে দলের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন। সেইসঙ্গে ওয়ানডে দলের নেতৃত্ব পাওয়ায় তার ওপর আলাদা আলোও পড়েছে। তবে সবকিছুর পরও শ্রীলঙ্কা অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার কাছে মিরাজ ‘বড় হুমকি’ নন।
কলম্বো টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে ধনাঞ্জয়া বলেন, “মিরাজকে আমরা তেমন ভয় পাচ্ছি না। ও আমাদের বিপক্ষে বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছে, পারফর্মও করেছে। তবে খুব বড় থ্রেট হিসেবে দেখছি না। তবু ওদের সঙ্গে ভালো লড়াই হবে, সেটা নিশ্চিত।”
গল টেস্টে ব্যাট হাতে নজর কেড়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম। শান্ত দুই ইনিংসে দুইটি সেঞ্চুরি করেছেন, আর মুশফিক পেয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরির দেখা। এই দুই ব্যাটারের ব্যাটিংয়ে চাপে পড়েছিল স্বাগতিকরা।
ধনাঞ্জয়া তাদের প্রশংসা করে বলেন, “বাংলাদেশ এখন ভালো একটি আন্তর্জাতিক দল। কয়েকটি সিরিজে তারা ভালো পারফর্ম করছে। উইকেট কাজে লাগাতে জানে। শান্ত ও মুশফিক অসাধারণ খেলেছে, আর্লি ব্রেক থ্রুর পরও ম্যাচে ফিরে এসেছিল।”
সব মিলিয়ে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ ঘিরে দুই দলই প্রস্তুত। মাঠে জমে উঠবে আরেক দফা ব্যাট-বলের যুদ্ধ।