ইন্ডিয়ান ক্রিকেটের কিংবদন্তি ফারুখ ইঞ্জিনিয়ার ও ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্লাইভ লয়েডকে বিশেষ সম্মাননা দিচ্ছে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের দুটি স্ট্যান্ড তাদের নামে নামকরণ করা হবে। ২৩ জুলাই ইংল্যান্ড-ভারত চতুর্থ টেস্টের প্রথম দিনে আনুষ্ঠানিকভাবে এই নামকরণ করা হতে পারে।

১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন ফারুখ ইঞ্জিনিয়ার। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে ১৭৫ ম্যাচে ৫,৯৪২ রান করার পাশাপাশি ৪২৯ ক্যাচ ও ৩৫ স্টাম্পিং করেছেন তিনি। তার অবদানে ক্লাবটি ১৯৭০ থেকে ১৯৭৫ সালের মধ্যে চারবার গিলেট কাপ জিতেছিল।

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে তার নামে কোনো স্ট্যান্ড না থাকলেও ইংল্যান্ড তাকে এই সম্মান দিচ্ছে। অন্যদিকে ক্লাইভ লয়েড ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন প্রায় ২০ বছর। ওয়েস্ট ইন্ডিজকে দুইটি বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক ক্লাবের ভাগ্য বদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

লয়েডের শক্তিশালী ব্যাটিং ও নেতৃত্ব ল্যাঙ্কাশায়ারকে নতুন উচ্চতায় নিয়ে যায়। ক্লাবের ইতিহাসে এই দুই কিংবদন্তির অবদানকে চিরস্মরণীয় করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাবের এক প্রতিনিধি জানান, এটি তাদের জন্য উপযুক্ত সম্মাননা।

বর্তমানে ইংল্যান্ড-ভারত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বেন স্টোকসের দল। চতুর্থ টেস্টের সময় এই সম্মাননা প্রদর্শনী ম্যাচটিকে আরও স্মরণীয় করে তুলবে। ক্রিকেট ইতিহাসের সাথে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।

Walton Ads