লিওনেল মেসি মাঠে ছিলেন না, কিন্তু তাঁর দল ইন্টার মায়ামি যেন থামতেই জানে না। ইনজুরির কারণে দলের বাইরে থাকা মেসিকে ছাড়াই মায়ামি জয় তুলে নিল লিগস কাপে। মেসির ঘনিষ্ঠ বন্ধু লুইস সুয়ারেজ আর বিশ্বকাপজয়ী সতীর্থ রদ্রিগো দি পলের দুর্দান্ত পারফরম্যান্সে পুমাসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে যুক্তরাষ্ট্রের ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে লিগস কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পুমাসের মুখোমুখি হয় মায়ামি। ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় মায়ামি।

ম্যাচের শুরুটা যদিও ভালো হয়নি মায়ামির জন্য। প্রথমার্ধের শেষদিকে পুমাস এগিয়ে যায় এক গোল করে। তবে বিরতির আগেই ম্যাচে সমতা ফেরায় ইন্টার মায়ামি। বাঁ দিক থেকে সুয়ারেজের দুর্দান্ত পাস বুক দিয়ে নামিয়ে দুর্দান্ত শটে গোল করেন রদ্রিগো দি পল। চলতি বছর এটিই তাঁর প্রথম গোল।

দ্বিতীয়ার্ধে ম্যাচ পুরোপুরি নিজেদের দখলে নেয় মায়ামি। সুয়ারেজ পেনাল্টি থেকে অসাধারণ ‘পানেনকা’ শটে গোল করেন এবং পরে আরেকটি অ্যাসিস্ট করেন। তাঁর পাস থেকেই গোল করেন আর্জেন্টাইন উইঙ্গার তাদেও আলেন্দে।

পুমাসের হয়ে একমাত্র গোলটি করেন জর্জ রুভালকাবা। তবে ম্যাচে আর ফিরতে পারেনি মেক্সিকোর এই দলটি।

এই জয়ের ফলে প্রথম মেজর লিগ সকার (এমএলএস) দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি। গ্রুপ পর্বে তারা ২টি জয় এবং একটি টাইব্রেকার জয়সহ ৮ পয়েন্ট অর্জন করেছে। এমএলএস ও লিগা এমএক্সের শীর্ষ চারটি দল কোয়ার্টার ফাইনালে খেলবে, যেখানে ইতোমধ্যে নাম লিখিয়েছে মায়ামি।

মেসি না থাকলেও, তার ‘বন্ধু বৃত্ত’ যেন দায়িত্ব নিয়েছে পুরো দলের। লিগস কাপে এখনো অপরাজিত ইন্টার মায়ামি কী এবার ট্রফির স্বপ্নপূরণ করতে পারবে?

Walton Ads