বিপিএলের পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর বকেয়া আদায়ে বছরজুড়ে লড়াই করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঢাকা গ্ল্যাডিয়েটরস, বরিশাল বুলস, খুলনা টাইগার্স, চিটাগং কিংস—সব দলই কোটি কোটি টাকা বকেয়া রেখে টুর্নামেন্ট থেকে সরে গেছে।
এর মধ্যে সবচেয়ে বড় ভোগান্তি চিটাগং কিংস নিয়ে। দলের মালিক সামির কাদের দেশি-বিদেশি ক্রিকেটারদের সম্মানী না দেওয়ায় বিসিবিকে বাধ্য হয়ে ২০১২-১৩ মৌসুমে ১৮ কোটিরও বেশি টাকা নিজ খরচে পরিশোধ করতে হয়েছিল।
২০১৩ সালেই সামির কাদেরকে ১০ বার নোটিশ পাঠিয়েছিল বিসিবি, কিন্তু কোনো সাড়া মেলেনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৪ সালে মাত্র সাড়ে তিন কোটি টাকায় সমঝোতা হয়, শর্ত ছিল ২০২৫ বিপিএলের আগে পুরো টাকা পরিশোধ করতে হবে।
কিন্তু এবারও টাকা দেননি সামির কাদের। বরং ২০২৫ মৌসুমেও ক্রিকেটারদের বকেয়া রেখেছেন। ফলে গত ২২ জুলাই বিসিবির পক্ষে ব্যারিস্টার মাহিন রহমান ৪৬ কোটি টাকা (৩৭.৮২ লাখ ডলার) পরিশোধের চূড়ান্ত আইনি নোটিশ পাঠিয়েছেন তাকে।
সামির কাদের এই দাবিকে অযৌক্তিক বলে দাবি করেছেন। তার ভাষায়, "আমি তো সমঝোতায় পৌঁছেছি। এখন সুদ, সুদের সুদ—সব মিলে অবাস্তব টাকা চাচ্ছে বিসিবি।"
তবে বিসিবি বলছে, এবার আর ছাড় নয়। সব বকেয়া মেটানো ছাড়া ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি পাওয়ার কোনো সুযোগ নেই।