ভারতীয় ক্রিকেটে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। টেস্ট দলের অধিনায়ক ও টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হওয়ার পর এবার ওয়ানডে দলের নেতৃত্বও চলে যাচ্ছে শুবমান গিলের হাতে। বিসিসিআইয়ের পরিকল্পনা—২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে গিলকে যথেষ্ট সময় দেওয়া, যাতে তিনি অভিজ্ঞতা সঞ্চয় করে নিজেকে পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারেন।
রেভস্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গিলকে ওয়ানডে অধিনায়ক করার বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
এদিকে রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ধারণা করা হচ্ছে, অধিনায়ক হিসেবে আসন্ন অস্ট্রেলিয়া সফরই হতে পারে তার শেষ সিরিজ। যদিও রোহিত এখনও ওয়ানডে চালিয়ে যেতে চান এবং আরেকবার বিশ্বকাপ জেতার স্বপ্নও দেখছেন। তবে শেষ সিদ্ধান্ত নির্বাচকদের হাতেই।
সূত্র অনুযায়ী, টেস্টে নেতৃত্ব দিচ্ছেন গিল, টি-টোয়েন্টিতে আছেন সহ-অধিনায়কের ভূমিকায়। ধারণা করা হচ্ছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সূর্যকুমার যাদবের পরিবর্তে তিনিই ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হবেন।
২০২৭ সালের বিশ্বকাপের সময় রোহিত শর্মার বয়স হবে ৪০ বছর। এক ফরম্যাটে সীমাবদ্ধ থেকে ফর্ম ও ফিটনেস ধরে রাখা তখন তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে, ভারতীয় ক্রিকেটে নেতৃত্বের এই রদবদল হতে যাচ্ছে বেশ তাৎপর্যপূর্ণ এবং নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য এক বড় সুযোগ।