বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাসুম আহমেদের বাবা আক্কাস আলী অবশেষে জানালেন কেন তিনি নিজের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। চার বছর আগে শ্বশুরবাড়ির লোকদের আপ্যায়নকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে শুরু হয় তীব্র বিবাদ। সেই সময় নাসুম রাগের সুরে বাবাকে বলেন, “তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে!” — আর এই কথার পরই এক কাপড়ে ঘর ছেড়ে বেরিয়ে যান আক্কাস আলী।
রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় গণমাধ্যম কালবেলা–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তারপর আর কোনোদিন ছেলের সংসারে ফেরেননি।
আক্কাস আলী বলেন, “আমার ছেলে বিশ্বমঞ্চে খেলে। অথচ আমি কোথায় আছি, কী অবস্থায় আছি—সেটা জানারও আগ্রহ তার হয়নি। আমার দুঃসময়ে ইমন স্যার সাহায্য করেছেন, কিন্তু ছেলের কাছ থেকে কোনো সহায়তা পাইনি।”
তবে অভিমান থাকলেও ক্ষোভ নেই জানিয়ে তিনি আরও বলেন, “নাসুম কোটি টাকার মালিক হতে পারে, বিশ্বজয় করলেও আমি ছেলের কাছে হার মানব না। সম্পর্কের দিক থেকে সে সবসময় আমার ছেলে। আমি চাই আল্লাহ তাকে আরও বড় করুক।”
চার বছর আগের সেই ঘটনার প্রসঙ্গে আক্কাস আলী বলেন, “একদিন দুপুরে খাবার নিয়ে কথাকাটাকাটির সময় নাসুম আমাকে রেগে বলে, ‘তোমারে কে দিছে জায়গা, কে বলছে থাকতে।’ তারপর থেকেই আমি ঘর ছেড়ে দিয়েছি।”
ছেলেকে উদ্দেশ করে তার প্রশ্ন, “গত চার বছরে কোনোদিন কি জানতে চেয়েছে বাবা কোথায় আছে, কেমন আছে, কোন বাসায় থাকে? এতটুকু সময়ও কি তার ছিল না?”
যে প্রতিষ্ঠানে আক্কাস আলী গার্ডের কাজ করেন, সেখানকার ম্যানেজার সামাদ খান সামির বলেন, “যখন শুনলাম উনি এত বড় ক্রিকেটারের বাবা, বিশ্বাস করতে পারিনি। নাসুম হয়তো এখন বুঝছে না, কিন্তু একদিন সে বুঝবে—তখন হয়তো বাবাকে খুঁজলেও আর সুযোগ থাকবে না।”