স্টেডিয়ামে এক নজিরবিহীন প্রতিবাদ দেখা গেছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইতালির জাতীয় ফুটবল দল যখন ইসরায়েলের বিরুদ্ধে খেলছিল, তখন ম্যাচ শুরুর আনুষ্ঠানিকতায় ইসরায়েলি খেলোয়াড়রা তাদের জাতীয় সঙ্গীত পরিবেশন করছিল। ঠিক সেই সময় ইতালীয় সমর্থকরা খেলোয়াড়দের দিকে পিঠ ঘুরিয়ে বিক্ষোভ দেখান। এভাবেই তারা গাজায় চলমান ইসরায়েলি নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।

ইরনার বরাত দিয়ে জানা গেছে, দর্শকরা ‘থামো’ লেখা ব্যানারও উঁচু করে ধরেছিলেন। ব্যানারের মাধ্যমে তারা ইসরায়েলি নৃশংসতা বন্ধের দাবি জানিয়েছেন এবং সাফ বার্তা দিয়েছেন—এই ধরনের অপরাধ কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

ইতালির জাতীয় দলের প্রধান কোচ জেনারো গাত্তুসোও এ ম্যাচকে ঘিরে ইসরায়েলের বিরুদ্ধে নিজের ভাবনা প্রকাশ করেন। তিনি বলেন, “যুদ্ধে বেসামরিক মানুষের যে কষ্ট হয়, তা আমাকে কষ্ট দেয়। আমি শান্তির মানুষ, আমি চাই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হোক। কিন্তু দুর্ভাগ্যবশত ইসরায়েল আমাদের গ্রুপে রয়েছে, তাই আমাদের তাদের বিপক্ষে খেলতে বাধ্য হতে হচ্ছে।”

এ ধরনের প্রতিবাদ ফুটবল মাঠে রাজনৈতিক ও মানবিক সচেতনতার এক দৃষ্টান্ত হিসেবে ধরা হচ্ছে। ইতালীয় সমর্থকেরা স্পষ্ট বার্তা দিয়েছেন যে, খেলাধুলা এবং মানবাধিকার একে অপরের থেকে আলাদা নয়।

 

Walton Ads