ফুটবল দুনিয়ায় এবার লিওনেল মেসিকে কেন্দ্র করে নতুন গুঞ্জন ছড়িয়েছে। এইবার বিষয়টি তার খেলার নয়, বরং রাজনৈতিক ভূমিকায়। শোনা যাচ্ছে, আগামী বছরের বার্সেলোনার প্রেসিডেন্ট নির্বাচনে মেসি নিজেই প্রার্থী হতে পারেন অথবা অন্তত কোনো প্রার্থীর পক্ষে সরাসরি সমর্থন জানাতে পারেন।

কাতালুনিয়ার সংবাদমাধ্যম কাদেনা এসইএআর জানিয়েছে, বার্সেলোনার বর্তমান প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার প্রতিদ্বন্দ্বী শিবিরগুলো ইতোমধ্যেই মেসির সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

বার্সেলোনার ইতিহাসে দীর্ঘতম সময় ধরে সভাপতি থাকা লাপোর্তা চতুর্থ দফায় নির্বাচনে প্রার্থী হতে যাচ্ছেন। কিন্তু পরিস্থিতি পুরোপুরি তার পক্ষে স্থিতিশীল নয়। ২০২১ সালে লাপোর্তা মেসিকে দলে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আর্থিক সংকটের কারণে সেই চুক্তি বাস্তবায়ন করতে পারেননি।

এরপর মেসি পিএসজিতে চলে যান। যদিও মেসি ও তার পরিবার এ বিষয়ে কিছু বলেননি, তবু অনেকেই এটিকে বিশ্বাসঘাতকতা হিসেবে দেখেছিলেন।

বার্সেলোনার সর্বকালের সেরা খেলোয়াড়দের মধ্যে একজন হিসেবে মেসির সমর্থন কোনো প্রেসিডেন্ট প্রার্থীর জন্য বড় প্রভাব ফেলতে পারে। যদি মেসি ভিক্টর ফন্ট বা জোয়ান কামপ্রুবির মতো প্রার্থীকে সমর্থন দেন, নির্বাচনে তা বড় ধরনের পরিবর্তন আনতে পারে। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় এটি লাপোর্তার জন্য অস্বস্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তবে প্রকাশ্যে মেসি কোন প্রার্থীকে সমর্থন দেবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। বর্তমানে তিনি মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে খেলছেন, কিন্তু ক্যাম্প ন্যুতে তার প্রভাব এখনও প্রাসঙ্গিক।

 

Walton Ads