ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মাঠের লড়াই ছাড়াও এবার ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। বার্বাডোসে মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনতাইয়ের শিকার হয়েছেন দুই ক্রিকেটার ও এক সিপিএল কর্মকর্তা। ঘটনাটি ঘটে ৯ সেপ্টেম্বর, বাংলাদেশ সময় রাত সাড়ে ৩টার দিকে। খবর ছড়িয়ে পড়তেই ক্রিকেট দুনিয়ায় নেমে আসে আতঙ্ক।
সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের দুই ক্রিকেটার একটি অনুষ্ঠান শেষে ফিরছিলেন হোটেলে। সঙ্গে ছিলেন সিপিএলের এক কর্তা। পথে খাবার কিনতে গাড়ি থামাতেই আচমকা কয়েকজন দুষ্কৃতী চড়াও হয় তাঁদের ওপর। শুধু তাই নয়, মাথায় বন্দুক ঠেকিয়ে ছিনিয়ে নেয় টাকা, গয়না আর মূল্যবান জিনিসপত্র।
তবে সৌভাগ্যবশত তারা কোনো প্রতিরোধ করেননি। হোটেলে ফিরে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলে তৎক্ষণাৎ পুলিশে অভিযোগ দায়ের হয়। দ্রুত তদন্তে নামে বার্বাডোস পুলিশ এবং মাত্র এক ঘণ্টার মধ্যেই ধরা পড়ে অভিযুক্তরা। চুরি যাওয়া সব জিনিস উদ্ধারও করা হয়েছে।
যদিও দুই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি সিপিএল কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে এক কর্মকর্তা বলেন, “সকলের নিরাপত্তাই আমাদের কাছে সবচেয়ে বড় বিষয়। পুলিশকে আমরা সব রকম সহযোগিতা করছি।”
অন্যদিকে প্যাট্রিয়টসও নিশ্চিত করেছে, তাদের খেলোয়াড় ও কর্মকর্তারা এখন সম্পূর্ণ নিরাপদ। দলটি জানায়, তারা পুলিশের সঙ্গে কাজ করছে এবং আগামি ম্যাচে মনোযোগ দিচ্ছে। প্যাট্রিয়টসের পরবর্তী খেলা ১১ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বার্বাডোস রয়্যালস।