এশিয়া কাপে তিন-তিনবার ফাইনালে খেলেও এখনও ট্রফির স্বাদ পায়নি বাংলাদেশ। এবার তাই একটাই লক্ষ্য—শিরোপা জেতা। সেই লক্ষ্য নিয়েই সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে টাইগারদের অভিযান। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হংকং। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় আবুধাবিতে মুখোমুখি হবে দুই দল।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে আছে লিটন কুমার দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয় স্বপ্ন দেখাচ্ছে এশিয়া কাপে বড় কিছু করার। তবে কাজটা মোটেও সহজ হবে না। ‘বি’ গ্রুপে লড়াই করতে হবে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকংয়ের সঙ্গে। এখান থেকে সুপার ফোরে উঠতে চাইলে অন্তত দুই ম্যাচে জয় পেতে হবে টাইগারদের।

আজকের প্রতিপক্ষ হংকংকে ছোট দল মনে হলেও ইতিহাস বলছে ভিন্ন কথা। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশকে ২ উইকেটে হারিয়েছিল হংকং। এগারো বছর পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। সেই ম্যাচে খেলা অলরাউন্ডার নিজাকাত খান এবারও বলেছেন, বাংলাদেশকে হারানোর প্রত্যয় নিয়েই নামবেন তারা।

তবে বাস্তবতা হলো, সাম্প্রতিক পারফরম্যান্স একদমই হংকংয়ের পক্ষে নেই। শেষ পাঁচ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে তারা—সেটাও দুর্বল সামোয়া ও সিঙ্গাপুরের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ শেষ পাঁচ ম্যাচে তিনটিতে জিতেছে, একটি হেরেছে আর একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত।

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ এখন এক শক্তিশালী নাম, বিশেষ করে এশিয়ায়। সাম্প্রতিক ফর্ম আর অভিজ্ঞতা মিলিয়ে লিটনদের জন্য হংকংকে হারানোই সহজতর কাজ হওয়ার কথা। তবে টি-টোয়েন্টি ক্রিকেট অনিশ্চয়তায় ভরা, যেকোনো দিন যেকোনো দল বিপর্যয় ঘটাতে পারে।

এখন দেখার পালা, হংকংয়ের কাছে আগের হারের প্রতিশোধ নিয়ে জয় দিয়ে এশিয়া কাপে স্বপ্নযাত্রা শুরু করতে পারে কিনা টাইগাররা।

 

Walton Ads