লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগামী রোববার (১৪ সেপ্টেম্বর) নিজেদের হোম ম্যাচ খেলতে যাচ্ছে বার্সেলোনা। তবে এই ম্যাচ ক্যাম্প ন্যুতে নয়, বরং আয়োজিত হবে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে—যেখানে সাধারণত বার্সেলোনার নারী ও যুব দল খেলে।

বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, স্পটিফাই ক্যাম্প ন্যু এখনও প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচটি সেখানে আয়োজন করা সম্ভব হচ্ছে না। ক্লাব আশাবাদী, শিগগিরই সবুজ সংকেত মিলবে। তবে আপাতত ম্যাচটি ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে। টিকিট ও অন্যান্য আয়োজন সংক্রান্ত বিস্তারিত শিগগিরই জানানো হবে।

তবে এই সিদ্ধান্তে সমর্থকরা বেশ অসন্তুষ্ট। কারণ ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা মাত্র ৬ হাজার। ফলে বিপুল সংখ্যক ভক্ত মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন না। এমনকি ভ্যালেন্সিয়ার সমর্থকদেরও কোনো টিকিট বরাদ্দ থাকবে না। শুধু বার্সেলোনা সদস্যদের অগ্রাধিকার দিয়ে টিকিট বিতরণ করা হবে।

লা লিগার নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামের আসনসংখ্যা অন্তত ৮ হাজার হওয়া জরুরি। কিন্তু স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে, বিশেষ বিবেচনায় এবার বার্সেলোনাকে ছাড় দেওয়া হয়েছে।

অর্থাৎ, ভক্তদের জন্য হতাশার হলেও, ক্লাবের জরুরি পরিস্থিতি সামাল দিতে ছোট ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামই হতে যাচ্ছে বার্সেলোনার অস্থায়ী ঘর।

 

Walton Ads