কয়েকদিনের অপেক্ষা আর দুশ্চিন্তার অবসান। নেপালের রাজনৈতিক অস্থিরতায় আটকে থাকার পর অবশেষে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১টার পর বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামাল ভূঁইয়ারা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে), কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাস এবং সরকারের সম্মিলিত উদ্যোগে দ্রুত সময়ে এই ব্যবস্থা করা হয়। শুধু খেলোয়াড়রাই নয়, বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিকরাও একই ফ্লাইটে ফিরছেন।

নেপালে চলমান ছাত্র ও জনতার আন্দোলনে ৯ সেপ্টেম্বর দেশটির সরকার পদত্যাগে বাধ্য হয়। এরপর দেশজুড়ে ছড়িয়ে পড়ে অস্থিরতা। দুপুরের পর থেকে বন্ধ হয়ে যায় সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট। সেদিনই ঢাকায় ফেরার কথা ছিল জামালদের, কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তারা হোটেলবন্দি হয়ে পড়েন।

কাঠমান্ডুর টিম হোটেলের আশপাশেই চলছিল বিক্ষোভ, অগ্নিসংযোগ আর সহিংসতা। খেলোয়াড়দের নিরাপত্তার জন্য অনুশীলন বাতিল করা হয়। বাইরে বের হওয়া তো দূরের কথা, হোটেলের ভেতরেই জিম ও ইনডোর কার্যক্রমে সময় কাটাতে হয় তাদের।

অবশেষে বুধবার সন্ধ্যায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে নেপালে পুনরায় ফ্লাইট চালু হয়। এর পরই বাফুফে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। বৃহস্পতিবার সকালে দ্রুতই দলকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

জামালরা কাঠমান্ডুতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। তবে অস্থিরতার কারণে একটি ম্যাচ অনুষ্ঠিত হলেও দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায়। নিরাপদে দেশে ফেরায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে পুরো দল।

 

Walton Ads