এশিয়া কাপের প্রথম ম্যাচেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করল বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং র‌্যাঙ্কিং ও শক্তিমত্তায় অনেকটা পিছিয়ে থাকলেও, লিটন দাসদের জিততে লেগেছে ১৮ ওভার। শেষ পর্যন্ত ৭ উইকেটের সহজ জয় নিয়েই এবারের অভিযান শুরু করল টাইগাররা।

বৃহস্পতিবার আবুধাবিতে গ্রুপ–বি এর ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামে হংকং। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে তোলে ১৪৩ রান। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে ১৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে।

ম্যাচের নায়ক ছিলেন অধিনায়ক লিটন দাস। ক্যারিয়ারের ১৫তম ফিফটিতে তিনি ফেরেন ৫৯ রান করে। মাত্র ৩৯ বলে ৬ চার ও এক ছক্কায় সাজান এই ইনিংস।

বাংলাদেশের ইনিংস শুরুটা খুব একটা ভালো হয়নি। ২৪ রানের মাথায় ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন (১৪ বলে ১৯)। এরপর আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও ফেরেন ১৮ বলে ১৪ রান করে। তবে লিটন ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠেন। ২৫ বলে ২৭ রান করার পর গতি বাড়ান তিনি এবং ৩৩ বলে তুলে নেন ফিফটি। যদিও ১৮তম ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।

এরপর হৃদয় ও জাকের আলীর জুটি নিশ্চিত করে দলের জয়। অপরাজিত হৃদয় খেলেন ৩৬ বলে ৩৫ রানের ধীরস্থির ইনিংস।

এর আগে বল হাতে শুরুতেই সাফল্য এনে দেন তাসকিন আহমেদ। দ্বিতীয় ওভারেই তুলে নেন উইকেট। পঞ্চম ওভারে তানজিম হাসান তামিম ফেরান বাবর হায়াতকে (১৪)।

হংকংয়ের পক্ষে ওপেনার জিশান আলী (৩০) ও নিজাকাত খান (৪২) কিছুটা প্রতিরোধ গড়লেও টাইগার বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে বড় স্কোর করতে পারেনি তারা। ইয়াসিম মুর্তজা খেলেন ১৯ বলে ২৮ রানের ছোট ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে তানজিম ৪ ওভারে ২১ রান দিয়ে নেন ২ উইকেট। সমান ২ উইকেট তুলে নিয়েছেন তাসকিন ও রিশাদও। মুস্তাফিজুর রহমান যদিও উইকেটশূন্য থেকেছেন, তবে দিয়েছেন মাত্র ২২ রান।

এই জয়ের মধ্য দিয়ে এশিয়া কাপে আত্মবিশ্বাসী শুরু করল লিটন দাসের দল। সামনে অপেক্ষা আরও বড় চ্যালেঞ্জের।

 

Walton Ads