এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্ক থামছেই না। প্রথমে শঙ্কা ছিল আদৌ ম্যাচ হবে কিনা। তবে সব জল্পনা উড়িয়ে দু’দলই এখন সংযুক্ত আরব আমিরাতে, আর ভারতের পক্ষ থেকেও খেলার নিশ্চয়তা দেওয়া হয়েছে। তবুও আদালতে গিয়ে ম্যাচ বাতিলের আবেদন করেছে এক পক্ষ।

এই অতিরিক্ত উত্তেজনা মোটেই ভালোভাবে নিচ্ছেন না ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তার সোজাসাপ্টা পরামর্শ—খেলোয়াড়রা কেবল খেলায় মন দিক, বাকিটা সরকারের কাজ।

কপিল বলেন, “স্রেফ মাঠে যাও এবং জিতে আসো। খেলোয়াড়দের শুধু খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত, অন্য কিছু বলার প্রয়োজন নেই। এটাকে বড় ইস্যু বানাবেন না। সরকার তার কাজ করবে, খেলোয়াড়দেরও তাদের কাজ করা উচিত।”

এশিয়া কাপে এবারও একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। তবে মাঠের লড়াইয়ের বাইরে রাজনৈতিক টানাপোড়েন এখনো তীব্র।

মূলত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই দুই দেশের সম্পর্ক খারাপ হতে শুরু করে। এরপর তা যুদ্ধ পর্যন্ত গড়ায়। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে যুদ্ধ থেমেছিল, কিন্তু সম্পর্ক যে এখনও সহনীয় নয়, তা বলার অপেক্ষা রাখে না।

এই প্রভাব পড়েছে ক্রিকেটেও। গত মাসে সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকার করে ভারতীয় দল। শুধু প্রাথমিক পর্ব নয়, সেমিফাইনালেও পাকিস্তানের মুখোমুখি হয়নি তারা। ফলে যুদ্ধের পর এবারই প্রথমবার মাঠে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

ক্রিকেট দুনিয়ার চোখ তাই এখন শুধু এক জায়গায়—ভারত বনাম পাকিস্তান ম্যাচে।

 

Walton Ads