এশিয়া কাপে প্রথম ম্যাচে হংকংকে হারালেও বাংলাদেশ সেই আধিপত্য দেখাতে পারেনি, যা দেখিয়েছে আফগানিস্তান। পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ মনে করেন, এর আসল কারণ হলো বাংলাদেশ দলে তেমন ম্যাচ উইনার নেই।

জিও নিউজের ম্যাচ-পরবর্তী আলোচনায় শেহজাদ বলেন, “আফগানিস্তান দলে অনেক বেশি ম্যাচ উইনার আছে। বাংলাদেশের স্কোয়াডে তেমন ইমপ্যাক্টফুল খেলোয়াড় দেখা যায় না।”

তিনি উদাহরণ টেনে বলেন, আফগানিস্তানের রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজ, ফজল হক ফারুকি, নুর আহমেদ— এরা সবাই আইপিএলে নিয়মিত খেলে থাকেন। আন্তর্জাতিক মানের সেই অভিজ্ঞতা তারা তরুণদের সঙ্গে ভাগ করে নেয়, যা পুরো দলকে এগিয়ে রাখে।

শেহজাদের মতে, আফগানিস্তান শুধু ব্যক্তিগত দক্ষতায় নয়, দলগত প্রচেষ্টাতেও সবার চেয়ে আলাদা। “তাদের সিনিয়ররা ভালো ভিত্তি গড়ে দিয়েছে, খেলোয়াড়রা অবকাঠামো বানিয়েছে, প্রচুর পরিশ্রম করেছে। এজন্য আফগানিস্তান আজকে অনেক সহযোগী দেশের চেয়ে এগিয়ে, এমনকি বাংলাদেশের চেয়েও।”

বাংলাদেশ জয়ের স্বাদ পেলেও শেহজাদের চোখে সেই জয়টা ছিল নিস্তেজ, যেখানে আফগানিস্তান প্রমাণ করেছে নিজেদের শক্তি।

 

Walton Ads