ভারত-পাকিস্তান মানেই মাঠ গরম, টিকিট পাওয়া দায়। কিন্তু এবারের চিত্রটা একেবারেই উল্টো। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (DICS) টি-টোয়েন্টি এশিয়া কাপে মহারণ সামনে হলেও টিকিট বিক্রি হচ্ছে না প্রত্যাশামতো। কেন এমন হচ্ছে? উঠে এসেছে একাধিক কারণ।

গত জুনে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচে দুই দলের লড়াই দেখেছিল ৩৪ হাজার দর্শক। ঢাকঢোল, পতাকা আর উচ্ছ্বাসে ভরে উঠেছিল গোটা মাঠ। ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চার মিনিটে টিকিট শেষ! কিন্তু এবার পরিস্থিতি একেবারেই আলাদা।

আসছে রবিবার গ্রুপ পর্বে মুখোমুখি হবে সূর্যকুমার যাদবের ভারত আর সালমান আঘার পাকিস্তান। উত্তেজনা থাকলেও টিকিট বিক্রি হয়নি ঝড়ের গতিতে। বিশেষ করে প্রিমিয়াম আসনের অস্বাভাবিক দাম, প্রচণ্ড গরম (রাতেও ৩৪ ডিগ্রি সেলসিয়াস) আর দুই তারকা কোহলি ও রোহিত শর্মার অনুপস্থিতিকে দায়ী করা হচ্ছে। দু’জনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন।

সাধারণ টিকিট ৫০ থেকে ১৫০ দিরহাম (প্রায় ১,২০০–৩,৬০০ টাকা) বিক্রি হয়ে গেছে অনেক আগেই। কিন্তু ভিআইপি টিকিটের দাম ৭৫০ থেকে ৯০০ দিরহাম (১৮,০০০–২১,৬০০ টাকা), আর গ্র্যান্ড লাউঞ্জ হসপিটালিটি টিকিটের দাম তো আকাশছোঁয়া—৩,৫০০ দিরহাম (প্রায় ৮৪ হাজার টাকা)। এগুলো এখনো গরম কেকের মতো বিক্রি হয়নি।

শুধু তাই নয়, পাকিস্তান এরই মধ্যে তিন সপ্তাহ ধরে আমিরাতে খেলছে। আফগানিস্তান ও আমিরাতের বিরুদ্ধে সিরিজে শারজাহর মাঠ প্রায় ফাঁকাই ছিল। এখন DICS-এও একই অবস্থা। যদিও শেষ মুহূর্তে কিছু দর্শক হয়তো ভিড় জমাবেন, তবে আয়োজকদের কাছে তা হবে বাড়তি আনন্দের ব্যাপার।

ভারতের সাম্প্রতিক ম্যাচেও দেখা গেছে দর্শক কম। তবুও যারা ছিল, তারা জাঁকজমক কমায়নি। তবে কোহলি-রোহিত ছাড়া সেই উত্তাপ যেন পুরোপুরি জমছে না। অভিষেক শর্মা যতই বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান হোক, দর্শক টানার ক্ষেত্রে দুই সুপারস্টারের প্রভাব স্পষ্ট।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ঐতিহাসিক উত্তেজনা, ভরপুর আবেগ। কিন্তু এত বড় প্রতিদ্বন্দ্বিতায় দর্শকদের এমন অনীহা ক্রিকেট দুনিয়াতেই বিরল।

 

Walton Ads