পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে নতুন ইতিহাস গড়লেন জ্যামাইকার অবলিক সেভিল। রোববার টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি ব্যক্তিগত সেরা ৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন। এ দৌড়ে তিনি হারিয়ে দিয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়ন মার্কিন স্প্রিন্টার নোয়াহ লাইলসকে।

দ্বিতীয় হয়েছেন সেভিলের স্বদেশি ও অলিম্পিক রৌপ্যজয়ী কিশেইন টমসন (৯.৮২ সেকেন্ড)। প্যারিস অলিম্পিকে স্বর্ণ জয়ী লাইলস থেমেছেন তৃতীয় স্থানে (৯.৮৯ সেকেন্ড)।

দ্রুততম মানব হওয়ার এই মুহূর্তে গ্যালারিতে উপস্থিত ছিলেন কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট। আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন বোল্ট ২০১৭ সালে অবসরে যাওয়ার আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে জিতেছিলেন রেকর্ড ১১টি স্বর্ণ।

অন্যদিকে, মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টেও তৈরি হয়েছে নতুন রেকর্ড। যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন দৌড় শেষ করেছেন মাত্র ১০.৬১ সেকেন্ডে—যা বিশ্ব চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড এবং সর্বকালের চতুর্থ দ্রুততম সময়। রূপা জিতেছেন জ্যামাইকার টিয়া ক্লেটন (১০.৭৬ সেকেন্ড) আর প্যারিস অলিম্পিক চ্যাম্পিয়ন সেন্ট লুসিয়ার জুলিয়েন আলফ্রেড (১০.৮৪ সেকেন্ড) হয়েছেন তৃতীয়।

এদিকে, পুরুষদের ১০,০০০ মিটার দৌড়ে ইতিহাস গড়েছেন ফ্রান্সের জিমি গ্রেসিয়ের। ১৯৮৩ সালের পর প্রথমবারের মতো পূর্ব আফ্রিকার বাইরের কোনো দৌড়বিদ এই ইভেন্টে চ্যাম্পিয়ন হলেন তিনি। সোনা জিততে সময় নিয়েছেন ২৮ মিনিট ৫৫.৭৭ সেকেন্ড।

মেয়েদের ম্যারাথনে জয় পেয়েছেন কেনিয়ার পেরেস জেপচিরচির। টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন এই দৌড়বিদ সময় নিয়েছেন ২ ঘণ্টা ২৪ মিনিট ৪৩ সেকেন্ড। মাত্র দুই সেকেন্ড পিছিয়ে রৌপা জিতেছেন প্যারিস অলিম্পিক চ্যাম্পিয়ন ইথিওপিয়ার টিগিস্ট আসেফা।

টোকিওতে এবারের আসর তাই হয়ে উঠেছে বিশ্ব অ্যাথলেটিক্সের নতুন তারকাদের উত্থান আর ইতিহাস গড়ার মঞ্চ।

 

Walton Ads