এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াই শেষে পাকিস্তান কোচ মাইক হেসন প্রকাশ্যে হতাশা জানিয়েছেন ভারতের খেলোয়াড়রা হাত মেলানোর সৌজন্য দেখাননি বলে।
গত মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের সামরিক সংঘর্ষের পর এটি ছিল তাদের প্রথম সরাসরি মুখোমুখি ম্যাচ। ‘এ’ গ্রুপের এই ম্যাচটি ভারত অনায়াসে ৭ উইকেটে জেতে।
ম্যাচটি কোনো ঝামেলা ছাড়া শেষ হলেও টসের সময় কিংবা খেলা শেষে দুই দলের অধিনায়কই হাত মেলাননি। খেলোয়াড়রাও মাঠ ছাড়েন হাত মেলানো ও করমর্দন ছাড়া।
হেসন সাংবাদিকদের বলেন, “আমরা খেলা শেষে হাত মেলাতে প্রস্তুত ছিলাম, কিন্তু আমাদের প্রতিপক্ষ তা করেনি। আমরা ওদের দিকে এগিয়ে গিয়েছিলাম, কিন্তু তারা ইতোমধ্যেই ড্রেসিংরুমে চলে গিয়েছিল। এটা আমাদের জন্য হতাশাজনক। আমাদের খেলার ধরন নিয়েও কিছুটা হতাশা আছে, তবে হাত মেলাতে আমরা নিঃসন্দেহে প্রস্তুত ছিলাম।”
পাকিস্তান অধিনায়ক সালমান আগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও অংশ নেননি। হেসনের মতে, এটি ভারতের হ্যান্ডশেক এড়িয়ে যাওয়ার ফল।
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এই জয় তার দেশের সেনাদের উৎসর্গ করেছেন। এছাড়াও, এপ্রিল মাসে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিহতদের প্রতি সংহতি প্রকাশ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে সূর্যকুমার জানিয়েছেন, “আমরা হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত নিয়েছি। খেলোয়াড়রা বিসিসিআই ও সরকারের সঙ্গে একমত। আমরা শুধু খেলা খেলতে এসেছি এবং সঠিক জবাব দিয়েছি।”
২০১৩ সাল থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ রয়েছে। দুই দল কেবল বহুজাতিক টুর্নামেন্টে মুখোমুখি হয়।
রবিবারের ম্যাচ নিয়ে ভারতে বয়কটের আহ্বান থাকলেও শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হয়। সুপার ফোরে ওঠলে এবং ২৮ সেপ্টেম্বর ফাইনালে উঠলে দুই দলের আরও দুইবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।